রাতটা যখন সবচেয়ে বেশি কালো, সে সময়টা আমার সবচেয়ে বেশি প্রিয়। ছাদের উপর দাঁড়িয়ে আমার একফালি কালো আকাশ!
আমারই! রাতের আকাশে ভাগ বসাতে খুব কম মানুষই আসে। রাতের আকাশে খুঁজে খুঁজে নিয়ে মানুষ চাঁদ দেখে, তারা গোনে। আকাশটাকে কেউ দেখে না। হয়ত রাতের আকাশ কালো বলেই!
কালো রঙটা অনেকেরই প্রিয়। কালো আকাশ, ততটা নয়। কালো মানুষ, আরও কম প্রিয়! একটা সত্যি কথা, বেশিরভাগ সাদা মানুষই কোনো কালো মানুষকে পছন্দ করে না। পাছে লোকে "রেসিস্ট" বলে, তাই প্রকাশ করে না।
তা না ভাবুকগে! কে কি ভাবল তা দিয়ে আমার কি? এসব বুঝি লিখতে এসেছি? যতসব ফালতু কথা!
কোথায় জানি ছিলাম? ও হ্যাঁ, আমার একফালি আকাশ। আকাশটা খুব কালো নেই অবশ্য। সোডিয়াম বাতির আলোয় কেমন একটা হলদেটে কালো।
সোডিয়াম বাতি নিয়ে গত কয়েকদিনে যতগুলো স্ট্যাটাস লেখা হয়েছে, তার সংখ্যা মাথা ঘুরিয়ে দেবে! ঢাকা শহরের একটা অনন্য বৈশিষ্ট্য এই হলুদ আলোটা। সবচেয়ে ইরিটেটিং বৈশিষ্ট্যও। তাই বাইরের কেউ এসে যা কিছুই ফেস করুক, দোষ পড়ে সোডিয়াম বাতিতে।
পড়ুকগে! কে কার স্ট্যাটাস কি দিল তা দিয়ে আমার কি? এসব লিখতে বসেছি বুঝি? যতসব ফালতু কথা!
কোথায় যেন ছিলাম? ও হ্যাঁ, আমার একফালি আকাশ! আকাশটার থেকেও হঠাৎ হঠাৎ দৃষ্টি সরে যায়। দৃষ্টিসীমায় থাকা দূরের এক ছাদ। একটা সাদা আলো বারবার জ্বলে নিভে যাচ্ছে। কেউ ছবি তুলছে হয়তবা। ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ থাকে না কি? সেলফি তোলার কথা না।
সেলফি আর সেলফিশ, কথা দুটো বেশ কাছাকাছি। রিলেশনটাও বেশ কাছের! আগে অন্তত ছবি তুলতে অন্যের সাহায্য লাগত, এখন তাও লাগে না। সেলফির যুগে মানুষ একটু সেলফিশ হবে, এ আর এমন কি?
হোকগে! যার ক্যামেরা, সে যা ইচ্ছা তাই তুলবে। আমার কি? এসব বুঝি লিখতে বসেছি? যতসব ফালতু কথা!
কোথায় জানি ছিলাম? ও হ্যাঁ, আমার একফালি আকাশ! আমার একার আকাশ! কেউ ভাগ বসাবে না!
ঐ মেয়েটা কেমন আছে, যার আকাশে একদিন ভাগ বসিয়েছিলাম? আমার পর্দা সরে থাকত বলে যার পর্দা টানানো থাকত? মেয়েটা কি আজও ডায়েরী লেখে? জানালার ধারে বসে যে ডায়েরী লেখা দেখতাম, লুকিয়ে? চোখে চোখ পড়লেই মুখ সরিয়ে নিতাম?
মেয়েটার মুখে কি এক চিলতে হাসি ফুটত এসব দেখে? হাসি কিন্তু আমি দেখেছি! তবে যা দেখেছি তা হাসি ছিল কি না, জানি না! প্রেমিকের কল্পনা বলে এক ধরণের কল্পনা আছে। বড় মারাত্মক সে কল্পনা!
মেয়েটার কি একা লাগে? মনে পড়ে আমার কথা?
না পড়ুকগে! আমার একফালি আকাশ, আমিই একা থাকি।
একা থাকা ভালো, একা কফির স্বাদ বেশি হয়..........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



