দিনটা ছিল ১১ই নভেম্বর, শুক্রবার । বিয়ে বাড়ির আলোর রোশনাই তখনও নিভে যায়নি। বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা শেষ, কেবল কন্যা সম্প্রদান শেষে স্বজনরা তুলে দেবেন গাড়িতে শ্বশুরবাড়ির পথে-এটুকু ছাড়া।
ঠিক এমন সময় বাদ সাধলেন বরের ফুপু। বিয়ে ঠিকঠাক হওয়ার সময় বরপক্ষের কোন দাবি-দাওয়া ছিলো না। কিন্তু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বর আর তার ফুপু ভেবেছিলেন, মুখে যৌতুক চাননি তো কী হয়েছে; কনের বাবা নিশ্চয়ই টিভি, ফ্রিজ, মটর সাইকেল মেয়ের সঙ্গেই দিয়ে দেবেন। কিন্তু সে সব যখন দেখতে পেলেন না, বরের ফুপু বিয়ের আসরেই জানিয়ে দিলেন, যৌতুক হিসেবে এসব না দেওয়া হলে মেয়েকে পাঁচ বছর বাপের বাড়ি থাকতে হবে।
ফারজানা ইয়াসমিন- স্বজন, সমাজ নিজের ভবিষ্যৎ সব কিছু নিয়ে অনিশ্চয়তার ঊর্ধ্বে গিয়ে জানিয়ে দিলেন তার অটল সিদ্ধান্ত, যে ছেলে এমন নির্লজ্জের মত যৌতুক দাবি করে তার সঙ্গে কিছুতেই সংসার নয়। ব্যাস, ভেঙে দিলেন বিয়ে। যৌতুককে বলি দিয়ে বিয়ের একদিন পর কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে ফিরে এলেন ঢাকায়; প্রতিবাদী এক নাম হয়ে।
কি দারুন তাই না? খবরটা যখন পড়লাম,মনে হল আমার এই ছাব্বিশ বছরের জীবনের সবচেয়ে সুখকর কিছু শুনলাম ।ইশ! ফারজানার মত মেয়েরা যদি আমাদের দেশের ঘরে ঘরে জন্মাতো ।
আমি ও তো একজন মেয়ে, আমি কি পেরেছি কিছু বলতে যখন আমাকে তুলে নেয়ার পরের দিন নাস্তার টেবিলে আমার শ্বাশুরি আমার স্বামীর কাছে দুঃখ করছিলেন- “তোর শ্বাশুরি তো কিছুই দিল না”।আর আমার শিক্ষিত প্রকৌশল, নৌ বাহিনীর মেজর র্যাং ক পরা স্বামী তা শুনছিলেন ।পরে আমি আমার স্বামীকে জিজ্ঞেস করেছি উনি কেন কিছু বলেন নাই। মা এর সাথে বেয়াদবি হয়ে যাবে তা ই। যাক আমি মেনে নিলাম, উনি মা, জননী, তার মুখের উপর একদিনের বিয়ে করা বউয়ের পক্ষ নিয়ে কথা বললে উনি মনে কষ্ট পাবেন ।
এই ফাঁকে বলে নিই, আমার স্বামী ধর্মপরায়ন একজন মানুষ এবং তিনি যৌতুক সমর্থন করেন না। আমার এই উদাহরন দেয়ার একটাই কারন, আমাদের এই শিক্ষিত সমাজেও যে এখন ও যৌতুক প্রথা বিলীন হয়ে যায়নি তারই একটি ক্ষুদ্র দৃষ্টান্ত তুলে ধরলাম। বিলীন তো দুরের কথা, শহর অঞ্চলে যৌতুকের নতুন নাম উপঢৌকন, উপহার,বাবা মেয়েকে আদর করে দিয়েছেন………..হ্যা তা তো নিশ্চয়ই,বাবা মা মেয়েকে আদর করে বিয়ের সময় তার সামর্থ্যে যা সম্ভব দিবেন এবং দেন,কিন্তু এর বাইরে ও বরের পরিবার কিছু আশা করেন যেটা না পেলে তারা মনক্ষুন্ন হন, সেটাই যৌতুক।
আপনারা যারা এই সমাজে পুরুষ হয়ে জন্মেছেন, খুব ভাগ্যবান আপনারা, কারন, আপনারা তো আপনাদের মায়েদের সম্পদ । তারা আপনাদের কষ্ট করে লালন পালন করেছেন, কত ত্যাগ স্বীকার করেছেন আপনাদের জন্যে, আর এই আপনি যখন বিয়ে করবেন, তখন পুত্রবধুর পরিবারের পক্ষ থেকে উপঢৌকন মিলবে না?!? তা কি হয়!!
দেখুন তো কি কান্ড! আমি একজন মাকে , তার মমতাকে কত ছোটো করছি!!কিন্তু একজন মা তো তার অঢেল মমতাকে পুত্রবধুর পরিবারের পাঠানো উপঢৌকনের সাথে এক পাল্লায় না মাপলেই পারেন। মা এর মমতাকে, র্স্বগীয় ভালবাসাকে কি দুনিয়ার আর কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব?
একটা মেয়ের যখন বিয়ে হয়, দ’চোখে অনেক স্বপ্ন নিয়ে সে তার পরিবারকে পেছনে ফেলে স্বম্পূর্ন ভিন্ন একটি পরিবারে প্রবেশ করে। তার সেই অমূল্য স্বপ্নের দাম (ফ্রীজ ৩০,০০০+ টিভি ২৫,০০০)=৫৫,০০০ টাকা।কি হাস্যকর তাই না?আর এই গুলো নিয়ে সে যদি প্রবেশ করতে না পারে, তাহলে তাকে মুখোমুখি হতে হয় এর ভিন্ন প্রতিকূল পরিবেশের। সেই প্রতিকূল পরিবেশ ও আরেক নারীই তৈরী করে । আমাদের এই পুরুষশাসিত সমাযে নারীই নারীকে মানসিক নির্যাতন করে, অন্তত আমি তাই মনে করি।
এসব পড়ে আপনারা আমাকে নারীবিদ্বেষী বলতে পারেন। আশ্চর্য !! আমি নারীবিদ্বেষী হব কেন? আমি নিজে ও তো একজন নারী!! কিন্তু কি করব বলুন? আমি তো স্বয়ং ভুক্তভোগী।বলতে লজ্জা করছি না। একজন প্রথম শ্রেনির কর্মকর্তা এবং একজন উচ্চশিক্ষিত কলেজ শিক্ষিকার মেয়ে সন্তান হয়ে ও যেখানে আমাকে ঠুনকো কয়েকটা ফার্নিচারের জন্যে কথা শুনতে হয়েছে, সেখানে আর আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের অবস্থা কি হবে বলুন?
ফারজানার খবরটা পরার পর আমি নিজস্ব বোধ বুদ্ধি থেকে উপলব্ধি করলাম, যতদিন তাহমিনার মত মা,খালা, ফুপুরা এই সমাজে বিদ্যমান, যৌতুক প্রথা বিলোপ করা অসম্ভব।
আমি জানি আমি যা বলতে চাই খুব সুস্পষ্ট ভাবে ফুটিয়ে তুলতে পারিনি, কারন আমি খুব একটা ভালো লিখতে পারি না। আমি আমার চোখের সামনে অনেক হাস্যকর সব উপঢৌকন(যৌতুক) দেয়ার ঘটনা দেখি। দঃখিত যে ঘটনাগুলো উল্লেখ করতে পারলাম না।
আমার এই লেখা যদি আপনি(পুরুষ) পড়ে থাকেন তাহলে আপনার কাছে আমার অনুরোধ রইল, আপনি অন্তত বিয়ে করার সময় যৌতুক দাবী করবেন না, অথবা বাড়তি কিছু আশা করবেন না, আর আপনার পরিবারের কোনো নারী সদস্য দ্বারা প্ররোচিত হবেন না। তাহলেই আমার এই দুর্বল লেখাটাকে স্বার্থক মনে করব। আর আমার বিশ্লেষনে কোথাও যদি ভুল থাকে , ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই নভেম্বর, ২০১১ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



