আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে এসেছিলেন । এ অঞ্চলের মানুষ আশা করেছিল এতদিন অপেক্ষার পর এবার হয়ত ময়মনসিংহকে “সিটি কর্পোরেশন” করে বিভাগ ঘোষণা করা হবে । দুটো না হলেও অন্তত সিটি কর্পোরেশন ঘোষণা করা হবে এমন আশা ছিল অনেকেরই । কিন্তু সব আশায় জল ঢেলে দেয়া হল । পুনরায় নির্বাচিত করার আহবান জানিয়ে পুরোনো সেই আশ্বাস দিয়ে সভা শেষ করা হয় । এইবার আমি কিছু অপছন্দনীয় একটা তুলনা করব, তুলনাটা কিন্তু আপনি নিজেও অস্বীকার করতে পারবেন না ।
প্রধানমন্ত্রী মূলত তিনটি কর্মসূচী নিয়ে এখানে এসেছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর একটি স্মৃতিফলক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। দুপুরে ময়মনসিংহে নবনির্মিত পাসপোর্ট অফিস ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
কিন্তু শেষবেলায় ময়মনসিনহের মানুষ হতাশ হতে বাধ্য হল, প্রধানমন্ত্রী ময়মনসিংহের জনগণের উদ্দেশে বলেন, ‘গত নির্বাচনে আপনারা ভোট দিয়ে ময়মনসিংহের সবগুলো আসনে আওয়ামী লীগকে জিতিয়েছেন। এ জন্য আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। আগামী নির্বাচনে ক্ষমতায় গেলে ময়মনসিংহকে সিটি করপোরেশন করে দেব।’ এই একই রকম কথা গত দেড় যুগ ধরে শুনে আসছে মানুষ!
এখন একটা অপ্রীতিকর কথা বলি, বাংলাদেশের টিপিকাল রাজনীতিবিদরা বড় বড় ওয়াদা দেন, কিন্তু তার বাস্তবায়ন কতটা করেন? আমার জেলা ময়মনসিংহের উদাহরণ দেই, এখানের কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ঈদ্গাহ, স্টেডিয়াম এসব কিছু হয়েছে কার উদ্যেগে জানেন??? পূর্ব পাকিস্তানের গভর্নর থাকার সময় মোনায়েম খানের দ্বারা এসব হয়েছিল । তিনি কট্টর পাকিস্তানপন্থী, স্বাধীনতাবিরোধী ছিলেন, একারণে তার নাম ঘৃণার সাথে উচ্চারণ করা হয় । কিন্তু এই ঘৃণিত ব্যাক্তিটি যা করতে পারলেন, ৪২ বছরে স্বাধীন দেশের নেতাদের তো দেশপ্রেম থাকার কথা, তাদের আরো অনেক উন্নয়ন করতে পারার কথা, তারা কেন পারলেন না? দেশ আমাদের, সরকার আমাদের, টাকা আমাদের, তাহলে কেন পারলেন না তারা, কারণ একটাই স্বাধীন দেশে তারা স্বাধীনভাবে ওয়াদাভঙ্গের চর্চা চালিয়ে গেছেন, চেষ্টা থাকলে কর্ণধাররা কাজ করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না ।
এখন সবচাইতে সাম্প্রতিক একটা উদাহরণ দেই, গত কয়েক বছরে ময়মনসিংহ মেডিকেল কলেজে নানা ধরণের উন্নয়ন কাজ হয়েছে । এমনি এমনি কি আর হয়? বিএনপি সরকারও তো আর সেধে কাজ করে দেয়নি । হাসপাতাল ও কলেজের মাঝে করিডোর তৈরি, লাইব্রেরি উন্নয়ন, অডিটোরিয়াম নির্মাণ, কলেজ বিল্ডীং এর এক্সটেনশন নির্মাণ, সবচাইতে গুরুত্বপূর্ণ যেই কাজ, মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১০ তলা(দেখলে চেয়ে থাকতে ইচ্ছা করে) ভবনটা কিন্তু বিএনপির একজন খুবই প্রভাবশালী ডাক্তার নেতার পুনঃ পুনঃ তদবিরের ফলে নির্মিত হওয়া সম্ভব হয়েছে, বিতর্কিত এই নেতা ঠিকই উন্নয়ন করতে পারলেন, কিন্তু মূলধারার নেতারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে পারলেন না! কেন? উত্তর ওই একই, চাননি বলেই পারেননি ।
কি আর লাভ বলে, এমনটা কাম্য ছিল না । বারবার কেন চুন খেয়ে মুখ পুড়বে মানুষের? ময়মনসিংহে আওয়ামী লিগ সব আসনেই জিতেছিল গতবার, অথচ অপেক্ষার শেষ আক্ষেপেই হচ্ছে বার বার ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




