
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি কাউনিয়া জংশনে। আমার পোস্টিংগুলোও সব স্টেশনের পাশে। প্রথমে সোনাতলা স্টেশনের পাশের কলেজে চাকরি করলাম। এরপর এলাম গাইবান্ধায়। সেটাও স্টেশনের পাশে। সাত বছর পর আবার বদলি হলো সান্তাহার সরকারি কলেজে। সান্তাহারও বড় রেল জংশন। আর বাস করি লালমনিরহাটে।
স্টেশনে স্টেশনে কর্মজীবন কেটে যাচ্ছে। আর অপেক্ষা। এদেশের ট্রেন, এতো বিরক্তিকর। সঠিক সময়ে কোনদিনও আসে না। দু ঘন্টা তিন ঘন্টা। আজ যে ট্রেনে লালমনিরহাটে ফিরতাম, সেটা পাচ ঘন্টা লেট। স্টেশনে বসে এতো সময় কিভাবে কাটে? এত অপেক্ষা কার ভাল লাগে? দশ বছর ধরে এভাবে অপেক্ষায় কেটে যাচ্ছে।
কখনো কখনো ভাবি, জীবনটা এমনই। সবাই কিছু না কিছুর অপেক্ষায় কাটায়৷ কেউ বাসের, কেউবা জাহাজের, কেউবা উড়োজাহাজের। আর আমার অপেক্ষা ট্রেনের জন্য৷ সেই ছোটবেলা থেকে, ট্রেনকে এতো রোমাঞ্চকর মনে হতো। কখনো কল্পনায় ট্রেনে চড়ে যেতাম দূর কোন দেশে। এরপর প্রিয় লেখকদের লেখায়, গল্পে, সিনেমায় ট্রেনকে এতো রোমান্টসাইজড করা হয়েছে, মনের গোপন কোন জায়গাটি চিরকালের জন্য ট্রেন বসে গেছে। আর সেই ট্রেনই হয়ে গেল আমার কর্মজীবনের বাহন।
কতকাল স্টেশনে বসে মনে মনে কল্পনায় গল্প লিখেছি। লেখকদের মত নিজের পাশে কল্পনার নারীকে বসিয়েছি। যেন কোন দৈবচয়নে, এক রূপবতী নারীর সাথে দেখা। যেন আমরা ভিন্ন গন্তব্যের দুইটি মানুষ এসে মিলে গেছি এক প্ল্যাটফর্মে। তারপর অপেক্ষা করছি ট্রেনের জন্য। হয়তো একই ট্রেন অথবা ভিন্ন।
পাশাপাশি বসে আমি কখনো আড়চোখে দেখছি তাকে। সেও আমাকে। আর মুগ্ধ হচ্ছি, এও সম্ভব? দুটো ভিন্ন জায়গার মানুষ, ভিন্ন পরিবেশের মানুষ কিভাবে মিলে গেছি আমাদের চিন্তা চেতনায়! যত দুজনে কথা বলছি, ততো যেন আবিষ্কার করছি, দুজন দুজনকে। যেন কতকালের পরিচিত আমরা। যেন কতকাল আগে থেকে আমরা কথা কই। আমরা ভিন্ন দুটি মানুষ, যেভাবে একই প্ল্যাটফর্মে এসে মিলেছি, ঠিক একইভাবে আমরা আমাদের চিন্তার জগতেও একই জায়গায় এসে মিলে গেছি।
আমি হয়তো বলি, "আমার নীল রঙ প্রিয়, আর আকাশটাও প্রিয়।"
সেও বলে, "আমারও। আর নীল অপরাজিতা ফুল। বাগানের নয়, জঙ্গলে বা রাস্তার ধারে এমনি এমনিই বেড়ে ওঠা ঝোপের মধ্যে গুচ্ছ গুচ্ছ অপরাজিতা ফুল।"
আমি অবাক হই। "তুমি কি আমার মাইন্ড রিড করতে পারো? আমিও অপরাজিতার কথা ভাবছিলাম। রাস্তার ধারের ফোটা অপরাজিতা ভালবাসি আমিও।"
সে মেয়েটি, যাকে দেখে আমার অস্বস্তি হয় না, কিন্তু তার মুখটি অন্তরে গিয়ে বেধে, এতোকাল দূরে থাকার জন্য, সেই মেয়েটির দিকে তাকাই।
যেন সে প্রকৃতির কোলে বেড়ে ওঠা নীল অপরাজিতা।
"আমার প্রিয় অনুপম রায়। বোবা টানেল। আর প্রিয় 'অন্তহীন' সিনেমা।"
আমি অবাক হই। জিজ্ঞেস করি, "আর প্রিয় চরিত্র 'অপু, অপূর্ব— অপরাজিত উপন্যাসের? '
সে হাসে। সোনালী রঙের পাটের বুননে একটি ব্যাগ তার পাশে। সে ব্যাগ থেকে একটি বই বের করে। শেষের কবিতা।
সে বলে, অপু আমার স্বপ্নের নায়ক। ওর কল্পনাশক্তি, জগতের তুচ্ছতম উৎস থেকেও আনন্দ উপভোগ করা, আমি অপুর কাছেই শিখেছি। কিন্তু আমি নিজেকে লাবন্য ভাবতে ভালবাসি। আমি কেবল ট্রেনের অপেক্ষায় নেই, আমি অমিতের অপেক্ষায়ও আছি। অমিত আমার প্রিয় চরিত্র।"
আমি আবার বিস্মিত হই। "তুমি ট্রেনের অপেক্ষায় মানে? অমিতের অপেক্ষায় মানে?"
"ওহ..." মেয়েটি ব্যাখ্যা করতে চায়। অনেককিছু একসাথে বলার ভঙ্গি করে বলা শুরু করে, "আমি একটি ছোট চাকুরি করি। অন্নদানগর স্টেশনের পাশে। আমার বাড়ি আবার অন্য একটি স্টেশনে। প্রতিদিন সকালে আটটার ট্রেন ধরতে হয়। কিন্তু ফেরার সময় ট্রেন লেট করে। সবসময়। আর, অমিতের অপেক্ষায়ও আছি।"
বলে সে মিষ্টি করে হেসে দেয়। যেন পরিবেশ হালকা করতে চায়। সে যা বললো, যা সে শেয়ার করলো, কখনো কাউকে বলে নি। আমাকে ছাড়া।
আমি একটু সংশয় নিয়ে বলি, "অমিত কি চলে গেছে কোথাও? তার ফেরার অপেক্ষায়?"
সে বোঝে। যেভাবে আমি বুঝি, তার চোখ দেখে আমি যেন তার সব বুঝে ফেলছি। সেও আমার চোখে চোখ রাখে।
"অমিত— আসলে, সে তো আমার জীবনে আসে নি।" মেয়েটি, এখন লাবন্য বলে ডাকি, লাবন্য একটু থামে। তারপর আবার বলে, "কিংবা— হয়তো সে এসেছে..."
ট্রেনের ঘন্টা পড়ে। কিন্তু লোকজনের মধ্যে কোন আলোড়ন হয় না। যেন এটাই স্বাভাবিক৷ এই প্ল্যাটফর্মেই তাদের জীবন। এই অপেক্ষারত মানুষগুলোও যেন তাদের জীবনের অমিতকে কিংবা লাবন্যকে আজ খুজে পেয়েছে। যেন ট্রেনটি আজ আরো লেট করুক।
লাবন্যও হয়তো তাই চাইছে। আমিও। আর কিছুক্ষন কথা বলি। সময় তো ফুড়িয়ে আসছে। লাবন্যকে কি বলবো যে অমিতরা লাবন্যের জীবনে আসে না। অমিতরা হারিয়ে যায়! প্ল্যাটফর্মে ভীড়ের মধ্যে, অপরিচিত মানুষ হয়ে দূর কোন স্টেশনের উদ্দেশ্যে কোন এক বগিতে উঠে যায়। তাকে আর খুজে পাওয়া যায় না।
লাবন্য বলে, "আমি জানি আপনি কী ভাবছেন। আমি অপেক্ষা ভালবাসি। আমার অপেক্ষায় বিরক্তি নেই। না কোন ট্রেনের জন্য, না কোন অজানা ট্রেনে উঠে যাওয়া অমিতের জন্য। আমি জানি, অপেক্ষার নামই জীবন।"
লাবন্য কেমন অপরিচিত হয়ে যায় এক মুহূর্তে। এই জায়গাটিতে আমাদের দুজনার মিল নেই। 'অপরাজিতা', অনুপম রায়, অন্তহীন, অমিত-লাবণ্য, সব ভালবাসি। কিন্তু অপেক্ষা ভালবাসি না। লাবন্য বাসে। আমি অপেক্ষা করতে চাই না। লাবন্য চায়। লাবন্য, তুমি বলো, অপেক্ষা ভালবাসো না। আমি মনে মনে বলি। মুখে বলা হয়ে ওঠে না। কেননা, তখন আগত ট্রেনের ধুলো উড়ছে। হুইসেল দিচ্ছে মলিন পুরনো সেই চেনা ট্রেন। এই ট্রেনে আমাকে উঠে পড়তে হবে। ঐ অচেনা ভীড়ে আমাকে হারিয়ে যেতে হবে। আর লাবণ্যর জন্য থাকবে অন্তহীন অপেক্ষা!
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


