আক্রা থেকে সড়ক পথে তিন ঘণ্টার জার্নি শেষে কেপ কষ্টে পৌঁছাতে বিকেল হয়ে গেল।
পেটে তখনো দানা পানি তেমন পড়েনি বিধায় ক্ষিধেয় পেট চোঁ চোঁ করছিল। একটা ট্যাক্সি ভাড়া করে ড্রাইভারকে বললাম কাছাকাছি একটা ভাল হোটেলে নিয়ে যেতে। ১০ মিনিটের মধ্যে সে আমাদের একটা সুন্দর হোটেলের সামনে নামিয়ে দিল। হোটেলটির নাম ওয়েসিস বীচ।
দেখে শুনে আমরা এখানে থাকাটাই মনঃস্থির করলাম। খাবারের অর্ডার দিয়ে আমি একপলক দেখে নিলাম হোটেলের আশপাশ। এটি সেরকম টিপিক্যাল হোটেলের মত নয়। এক গুচ্ছ সুন্দর কটেজে ঘেরা দারুণ এক অবকাশ যাপন কেন্দ্র। চারিদিকে আছে সিকিউরিটি গার্ডের ২৪ ঘন্টা নজরদারি। বীচ সংলগ্ন এলাকার নিরাপত্তা দেওয়ালের বিভিন্ন পয়েন্টে লোহার শিকলে বেঁধে রাখা আছে পোষা কুকুর- এরা হল রাত্রি বেলার অতন্দ্র প্রহরী। মুগ্ধ হওয়ার মত এদের নিরাপত্তা ব্যবস্থা। কটেজগুলো ও দেখলাম বেশ বৈচিত্র্যময়। কিছু কাঠের তৈরি, কিছু সম্পূর্ণ পাকা অর্থাৎ ইট - সিমেন্টের, আবার কিছু কটেজ তৈরি করা হয়েছে পাম গাছের ডাল দিয়ে।
তবে সব গুলো কটেজের ছাদে রয়েছে পাতার ছাউনি।
কটেজের আকার আকৃতিতেও আছে ভিন্নতা; গোলাকৃতি থেকে শুরু করে ত্রিকোণাকার , স্কয়ার , ষড়ভুজ সব ধরনের কটেজই এখানে দেখা গেল। আমরা একটা ত্রিকোণাকৃতি কটেজ বেছে নিলাম।
খাবার দাবার পর্ব শেষে সবাই ছুটলাম বীচের উদ্দেশ্যে। বীচটা অবশ্য আমাদের কটেজ থেকে ২০ গজের বেশি দূরে নয়। কিন্তু সূর্যাস্ত দেখার জন্যই এত তাড়াহুড়ো।
ঘানার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত এই কেপকোস্ট ওয়েসিস বীচটি আফ্রিকায় আমার এ যাবত পর্যন্ত দেখা বীচ গুলোর মধ্যে সবচেয়ে সুন্দর। বীচের পাড়ে আছে অতি পূরানো একটা দুর্গ। এর নাম কেপকোস্ট ক্যাসল।
আফ্রিকার বহুল প্রচলিত ক্রীতদাস ব্যবসার আরেকটা স্মৃতি চিহ্ন এটি। ক্যাসলটির কারণে বীচের আকর্ষণ বেড়ে গেছে কয়েক গুণ।
সমুদ্র পথে শত্রুর আক্রমণ প্রতিহত করতে ক্যাসল থেকে সারি সারি কামান তাক করা আছে অ্যাটলান্টিকের দিকে।
মহাসাগরের তীর ঘেঁষে হাঁটতে শুরু করি। ঢেউয়ের ধাক্কায় ঝিনুকের মত দেখতে এক ধরনের সাদা প্রানি বীচের পাড়ে ভেসে এলো।
একটাকে হাতে নিয়ে দেখলাম , খোলসটা অত শক্ত নয়। আবার দেখি ছোট একটা দাঁত ও আছে মুখে। এমন আজব প্রানি আগে দেখিনি কখনো। বীচের এক স্থানীয় মেয়েকে জিজ্ঞেস করেও এর বংশ পরিচয় উদ্বার করতে পারিনি।
বীচের একপাশে ক্যাসলের এর কাছাকাছি আছে দৃষ্টি নন্দন ছোট বড় বাদামী রঙয়ের পাথরের ঢিবি।
কিছু কিছু ঢিবিতে শৈবাল জমে সবুজাভ রং ধারণ করেছে।
ঢিবির উপর হেঁটে বেড়াচ্ছে ছোট ছোট কাঁকড়া।
একটু পর পর মহাসাগরের বিশাল বড় বড় সব ঢেউ এসে প্রবল বেগে আছড়ে পড়ছে এ সব পাথুরে ঢিবিতে। ঢেউয়ের আঘাতে লোনা পানি ঢিবি ছাড়িয়ে লাফিয়ে উঠে যাচ্ছে অনেক উপরে। পরক্ষনে আবার তা ঝির ঝির করে ঝরে পড়ছে বৃষ্টির পানির মত; খুবই উপভোগ্য একটি দৃশ্য। এ রকম এক বৃষ্টির পাল্লায় পড়ে আমার শখের ক্যামেরাটি সমুদ্র স্নান সেরেছিল। সাথে সাথে ব্যাটারি খুলে রৌদ্রে শুকিয়ে ব্যবহার করা গেলেও আমাকে হতাশ করে পরের দিন বিগড়ে যায় ক্যামেরাটি। মনের দুঃখে সবুজ পাথরের উপর বসে শোক পালন করলাম কিছুক্ষণ। পাথুরে ঢিবি গুলো খুবই পিচ্ছিল। পা পিছলে পড়ে গেলে মারাত্মক বিপদের সম্ভাবনা রয়েছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও ঢিবি পার হয়ে বেশী দূর আর যাওয়া হলনা।
তবে আশেপাশে কিছু মরা মাছ পড়ে থাকতে দেখে বুঝলাম সমুদ্রের ঢেউ পাথরে আছড়ে পড়ার কারনেই মাছদের এ করুন পরিনতি। মাছের জায়গায় নিজের অবস্থা কল্পনা করে সরে আসলাম নিরাপদ দূরত্বে। তথাপি নিজেকে পুরোপুরি বিপদ মুক্ত রাখতে পারিনি। সমুদ্রের অল্প পানিতে হাঁটাহাঁটি করছিলাম আপন মনে। হঠাৎ দেখি প্রচণ্ড আক্রোশে আমার দিকে ধেয়ে আসছে বিরাট এক ঢেউ। এমনিতেই অ্যাটলান্টিকের বেপরোয়া আচরণের জন্য স্থানীয় ডানপিটে ছেলে মেয়ে ছাড়া কাউকে তেমন একটা পানিতে নামতে দেখা যায়না। বড় ঢেউয়ের ধাক্কায় তাল সামলাতে না পারলে ভেসে যেতে হয় মহাসাগরের অতল গহ্বরে। আমি সম্ভাব্য বিপদ আঁচ করতে পেরে দিলাম ভোঁ দৌড়। ঢেউয়ের ধাক্কা এড়াতে পারলেও পায়ের কাফ মাসলে লাগলো প্রচন্ড টান । ভয়াবহ ব্যথায় মাটিতে বসে পড়লাম। আমার এ ইনজুরি অবশ্য একটু পুরনো। মাস খানেক আগে ব্যাডমিন্টন খেলতে গিয়ে পায়ে চোট লেগেছিল। প্রায় সেরে গিয়েছিল ব্যাথাটা। কিন্তু আজকে আবার একই ঘটনার পুনরাবৃত্তি হল। হাঁটতে কষ্ট হচ্ছিল খুব। কোনরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে চললাম কটেজের উদ্দেশ্যে।
বীচ থেকে আমাদের কটেজ গুলি দেখতে দারুণ লাগছিল। নারিকেল গাছে ঘেরা ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট গ্রাম যেন।
এক ঝাঁক উঠতি বয়সী ছেলেদের দেখলাম বীচে ফুটবল খেলছে মহা উদ্যমে। সন্ধ্যার আঁধার নেমে আসলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো।
সন্ধ্যার পর সবাই চলে আসলাম হোটেলের সামনের কমপ্লেক্সে। এখানে আছে প্রচুর খাবার দাবার আর পানীয়ের ব্যবস্থা। ডিনার সেরে সমুদ্রের তীরে বসে আলো আঁধারিতে অবলোকন করলাম সমুদ্রের তীব্র গর্জন আর ভয়ানক রাগে ফুঁসে উঠার দৃশ্য। ক্ষণে ক্ষণে মহাসাগরের মৃদু মন্দ বাতাস শরীরে বুলিয়ে দিচ্ছিল হিম শীতল পরশ। এখানে উইক এন্ড গুলি নাকি খুব জমজমাট থাকে। অনেক রাত পর্যন্ত চলে গান বাজনা আর নৃত্য। সন্ধ্যা বেলায় কয়েকজনকে দেখলাম নাচের রিহার্সেল করছে। আমাদের কপাল মন্দ, উইক এন্ডের বিষয়টা মাথায় ছিলনা, তাই দেখা ও হবেনা ঘানার ট্র্যাডিশনাল ড্যান্স।
পরদিন সকালে ভোরে উঠে বীচে চলে গেলাম সূর্যোদয় দেখতে। দূরে আস্তে আস্তে উঁকি দিচ্ছে হলুদ- কমলা রঙয়ের সূর্য। আর মহাসাগরের বক্ষে দাঁড়িয়ে আছে অনেক গুলো রং বেরঙের পাল তোলা নৌকা। মাছ ধরার জন্য গভীর সমুদ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। আমি কোন চিত্র শিল্পী হলে দারুণ এক স্কেচের প্লট পায়ে যেতাম। কিন্তু সেই মুরোদ নেই বিধায় ধার করা ক্যামেরায় ধারণ করলাম দারুণ কিছু ছবি।
আজ আমাদের আবিদজান ফেরার পালা। মনটা হঠাৎ বিষণ্ণতায় ছেয়ে গেল। ভালোই তো কাটছিল দিনগুলি। এত দ্রুত কিভাবে যে সময় ফুরিয়ে গেল টের পেলাম না কিছুতেই। মহাজ্ঞানীরা বলেছেন - সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করেনা। এই চিরন্তন সত্যটিকে বাস্তবে উপলব্দি করলাম আর একবার। অবশেষে বাস্তবতা মেনে নিয়ে ব্যাগ গোছানোয় মনোনিবেশ করলাম। আমাদের হোটেলের কাছেই আছে ভিক্টোরিয়া পার্ক। বাকি সবাই যখন গাড়ি ভাড়া করতে ব্যস্ত , এই ফাঁকে আমি গেলাম মহারাণী ভিক্টোরিয়ার কাছে বিদায় নিতে।
মহারাণী একটু অভিমান করেছেন বোধ হয়। কারণ বাইরে ঘুরাঘুরি করতে গিয়ে তাকে সময় দেয়া হয়নি। ভেবেছি হোটেলের কাছেই তো ,পরে যে কোন সময় দেখা যাবে ভাল করে। কিন্তু কবি বলেছেন –
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শীষের উপর
একটি শিশির বিন্দু।
কবির কথা তো আর বিফলে যাবার নয়। তাই কেপকোস্ট ক্যাসল আর ভিক্টোরিয়া পার্ক ভাল করে না দেখতে পারার আফসোস নিয়ে গাড়িতে চড়ে বসলাম। সব মনীষী আর কবিদের কথা আমার ক্ষেত্রে কেন ফলে যায় অক্ষরে অক্ষরে, এ এক বিরাট রহস্য। নাহ, এ ভীষণ অন্যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




