![]()
কলকাতা শহরে এসে দুটো নতুন ধরনের বাহন দেখলাম- ঐতিহ্যবাহী ট্রাম আর টানা রিক্সা।
![]()
ট্রাম অনেকটা ইলেকট্রিক ট্রেনের ক্ষুদ্র সংস্করণ। বর্তমানে কলকাতার ট্রাম গুলি বার্ধক্যজনিত কারণে কোন রকম ধুঁকে ধুঁকে চলছে। অধিকাংশেরই খুব জীর্ণ শীর্ণ অবস্থা।
![]()
আর টানা রিক্সার বিষয়টা তো রীতিমত অমানবিক। দুই চাকাওয়ালা একটা রিক্সা ভারবাহী পশুর মত কোমর বরাবর ধরে টেনে নিয়ে যাচ্ছে একজন জলজ্যান্ত মানুষ! বিষয়টা দেখেই কেমন যেন গায়ে কাঁটা দিয়ে উঠল । একবিংশ শতাব্দীর যুগে গতরের শক্তিতে টেনে নেয়া এ ধরনের গাড়ির অস্তিত্ব মেনে নিতে সত্যি কষ্ট হয়। ভিনদেশী দেখে এক টানা রিকশাওয়ালা দৌড়ে আসল আমাদের কাছাকাছি। কিন্তু মধ্যযুগীয় এ বাহনে চড়ার কোন প্রবৃত্তি হয়নি আমার। স্থানীয় লোকজনদের কলকাতার টানা রিক্সার ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা জানায় এ পেশাজীবীরা সংখ্যায় কয়েক হাজার। সরকার তাদেরকে অন্য পেশায় পুনর্বাসনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তারা পূর্ব পুরুষের এ আদি পেশা ছাড়তে রাজি নয়। জানিনা আর কত বছর লাগবে কলকাতা থেকে এ অমানবিক বাহনটি লোপ পেতে।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আমরা চললাম ভিক্টোরিয়া পার্কের উদ্দেশে। ভিক্টোরিয়া পার্কটি আয়তনে বিশাল বড়। পার্কের পাশে আছে রেসকোর্স ময়দান। গাড়ি পার্ক করলেই জরিমানা গুণতে হবে, এ ভয়ে ট্যাক্সি ড্রাইভার গাড়ি থামালনা। চলন্ত গাড়ি থেকেই দেখে নিলাম ভিক্টোরিয়া পার্ক।
![]()
আফ্রিকার ঘানায় কেপ কোস্ট সি বীচের পাশেও একটা ভিক্টোরিয়া পার্ক দেখেছিলাম গত বছর। তবে ওটার সাথে কলকাতার পার্কের কোন তুলনা হয়না। পার্কের বৃক্ষের সুশীতল ছায়াতলে পরম শান্তিতে বিক্ষিপ্ত ভাবে শুয়ে বসে আছে ভবঘুরে টাইপ লোকজন। একপাল ছাগল চরে বেড়াচ্ছে পার্কের শ্যামল চত্বরে।
ছোটবেলায় রেডিতে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান শুনতাম খুব । আজ নিজ চর্ম চক্ষে দেখলাম সেই রেডিও স্টেশনটি। কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মহাসড়কের এক পাশে। আকাশ বানীর সম্প্রচার এখন হয় কিনা জানা নেই।
কলকাতার ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়ামের অনেক নাম ডাক শুনেছি। তাই সেটি দেখার লোভ সামলাতে পারলাম না। আই পি এল এর খেলা চলছিল তখন। ইস, হাতে সময় থাকলে গ্যালারীতে বসে একটা ম্যাচ উপভোগ করা যেত।
![]()
![]()
![]()
আমরা যে হোটেলে উঠেছি সে হোটেলেরই এক ওয়েটার তার নাইট ডিউটি শেষে আমাদের সাথে গাইড হিসাবে কাজ করতে চলে এসেছিল স্বতঃ প্রণোদিত হয়ে। তার সরলতা আর আন্তরিকতায় মুগ্ধ হয়েছি। নাম তার কুন্ডু। কুণ্ডুকে দেখে কলকাতার মানুষ সম্পর্কে হৃদয়ের গহীনে প্রোথিত নেতিবাচক ধারণাগুলি আস্তে আস্তে হ্রাস পেতে লাগল। আসলে সব মানুষ তো আর এক রকম নয়। অবশ্য প্রচলিত মিথে অনেক ক্ষেত্রে বাহুল্য আর অতিরঞ্জনের মাত্রাটা একটু বেশিই থাকে বোধ হয়। কুন্ডুর কাছে কলকাতার বিখ্যাত সব স্থান আর বিভিন্ন জিনিষের বয়ান শুনতে শুনতে আমাদের কলকাতা ভ্রমনের নির্ধারিত সময় শেষ হয়ে এল প্রায়। বিকেলে দিল্লীর ট্রেন ধরার প্রস্তুতি নিতে হবে।
![]()
ফেরার পথে ঝুলন্ত ব্রিজের দুই পাশে যমুনা নদীর সৌন্দর্য অবলোকন করলাম। এক সময়ের প্রমত্ত যমুনার পুরনো জৌলুষে এখন ভাটার টান।
![]()
![]()
হোটেলে ফিরে মধ্যাহ্ন ভোজ সেরে রেস্ট নিচ্ছিলাম। এ সময় এল দুঃসংবাদ! দিল্লীর ট্রেনে এ সি টিকেট পাওয়া যাচ্ছেনা। হায় , হায় ! দিল্লী তো বহুত দূর। এ সি টিকেট না পেলে লাইফটা একদম ফালা ফালা হয়ে যাবে যে ! অবশেষে টিকেট না পেয়ে আমাদের স্পন্সর বিমান টিকেটের ব্যবস্থা করলেন। যাক বাবা বাঁচা গেল। ট্রেনের টিকেট না পেয়ে বরং শাপে বর হল। সাভার টু বেনাপোল জার্নির কষ্টটা এখানে পুষিয়ে নেয়া যাবে।
নির্ধারিত সময়ে আমরা পৌঁছে গেলাম দম দম এয়ারপোর্ট। বিমান বন্দরটি বেশ ঝক ঝক তক তক করছে। মনে হচ্ছে এই মাত্র বুঝি উদ্বোধন হল।
![]()
![]()
![]()
বুঝলাম মমতা ব্যানার্জির অবদান এটি। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঠিকই নিজ এলাকার চাওয়া পাওয়া কড়ায় গন্ডায় বুঝে নিয়েছেন। একজন ঝানু রাজনীতিবিদ তিনি। দেশপ্রেম কাকে বলে তা মমতাকে দেখে অনুধাবন করা যায় সহজে। তিস্তার পানি বন্টনের ব্যাপারে ভারত সরকারের সাথে বাংলাদেশের চুক্তির সব কিছু ফাইনাল হয়ে গেলেও তীরে এসে তরী ডুবে মমতার অতিরিক্ত দেশ প্রেমের কারনেই। তিনি চুক্তি সইয়ের বিষয়ে শেষ মুহূর্তে বেঁকে বসেন বিধায় মনমোহন সিং এর বাংলাদেশ সফর ব্যর্থতায় পর্যবসিত হয়। এ নিয়ে অনেক তর্ক বিতর্ক, লেখালেখি হয়েছে। মমতার সাথে আলাপ আলোচনা না করে ভারতের কেন্দ্রীয় সরকার কিভাবে বাংলাদেশের সাথে একটি গুরুত্ব পূর্ণ চুক্তি সইয়ের দিন ক্ষণ ঠিক করে ফেলে সেটা এদেশবাসীর নিকট বিস্ময় হয়েই রইল। বাংলাদেশের কারো জন্য এমনটি হলে ভারত-বাংলাদেশ সম্পর্ক কোন পর্যায়ে গিয়ে ঠেকত তা সহজে অনুমেয়। যাক গে , ভ্রমন পোস্টে রাজনীতি নিয়ে মাথা না ঘামানোই শ্রেয় । ওসব নিয়ে ভাবার জন্য দেশে অনেক রথী মহারথী রয়েছেন। আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে কি লাভ ? স্পাইস জেটের বিমানটি আমাদের নিয়ে দিল্লীর পথে উড়াল দিল যথা সময়ে। ( চলবে)
![]()
![]()
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


