আমার পাশে ছবির এই মানুষটা ভিক্ষাবৃত্তি করেন, আমরা শহরের ভদ্রলোকেরা যাদেরকে বলি ভিক্ষুক বা ফকির। গতকাল বইমেলা থেকে বের হয়ে টিএসসিতে আমরা ৬/৭ জন আড্ডা দিচ্ছিলাম, খাচ্ছিলাম আর ছবি তুলছিলাম।

এই লোকটি আমার দিকে এক দৃষ্টিতে অনেক্ষণ তাকিয়ে আছে দেখে তাকে ডাকলাম এবং পাশে বসতে বললাম, তিনি আমার পাশে বসতে আপত্তি করলে বললেন -স্যার আপনার পাশে বওন যাইবো না। পরে তাকে জোর করেই আমার পাশে বসালাম। তিনি বসে আমার দিকে তাকিয়ে হাসলেন, আমি তাকে চা, পাকুড়া বা অন্য কিছু খেতে বললাম। তিনি খাবেন না, জানালেন। তিনি এত বিনয় দেখাচ্ছিলেন যে, আমরা বন্ধুরা সবাই রীতিমত অবাক হচ্ছিলাম। আমার ক্যামেরাটা দেখে তিনি হাসলেন, আমার বুকের ভেতরে তখন কেমন যেন করছিলো। তার সাথে আমি ছবি তুলতে চাইলে তিনি হাসলেন আর মাথা নাড়িয়ে সম্মতি দিলেন। অতঃপর বন্ধু Mahadi Saahal এই ছবিটি তুলে দিলেন। যাওয়ার সময় তাকে দশটাকার একটি নোট দিলাম, তিনি নিলেন এবং হাসলেন। তার হাসির মধ্যে তখন আমি স্বর্গীয় আভা দেখতে পেয়েছিলাম।
আমার ক্যামেরায় আমি অনেক বড় বড় মানুষের ছবি তুলেছি, অনেক বরেণ্য কবি, সাহিত্যিক, নায়িকা, গায়িকা, মডেলের ছবি তুলেছি। তুলেছি বন্ধু অথবা বান্ধবীদের ছবি কিন্তু এই ছবিটি তোলার পরে এত প্রশান্তি আমি আগে আর কখনো পাইনি।
ক্যামেরায় এই মানুষটার ছবি দেখে আমার মৃত বাবার কথা ভেবে গতকাল রাতে আমি খুব কেঁদেছি।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



