এন জুলফিকার
পথ বলেছে, যা, বাড়ি যা !
আঙুল ছুঁয়ে পথ বলেছে আড়ি ;
বাইরে থেকে মুখ ফিরিয়ে দেখি ---
ধূ-ধূ ডাঙায় কোথ্থাও নেই বাড়ি !
উধাও বাড়ি, উধাও চেনা পথ
নুনের ঢিবি, উড়ছে হাওয়ায় ধুলো ---
পালক এবং শুকনো পাতা ওড়ে
দৃশ্য থেকে উধাও বসতগুলো।
পথ বলে দে, কোথায় যাবো আজ !
পায়ের তলার সর্ষে কোথায় রাখি ?
দু'চোখ জুড়ে এত্তো রকম খিদে
বাউল এ মন --- কোথায় তাকে ঢাকি !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

