সকাল থেকেই কেমন যেন লাগছে.. কোন কাজে মন বসছিল না ...ড্রাইভার গাড়ী নিয়ে অফিসে বসে আছে। ডেকে আনলাম। গাড়ীতে বসেও ভাবছি কই যাই, কি করি ?? হেথা নয়, হোথা নয়, অন্য কোথা, অন্য কোন খানে ।
আত্মীয়- স্বজন, বন্ধু -বান্ধব কারো কাছে যাবো না।যদিও তারা আমাকে অনেক ভালোবাসে, আমার সাহচার্য পছন্দ করে।কথা বলতে ভালোলাগছে না একটুও । মনে হচ্ছে এমন কোথাও যাই যেখানে কেউ আমাকে চিনবে না ।
আড়ং এ নাকি সেল দিয়েছে জানতাম, কিন্ত তারা যে বাইরে প্যান্ডেলে করছে তা জানতাম না। তাই দুদিন আগে কর্তাসহ গুলশান আড়ং এ গিয়ে বিছানার চাদর, বালিশের কভার, টেবিল রানার এমন কিছু হাবি জাবি কিনে বাইরে এসে চেয়ে দেখি প্যান্ডেল । কিন্ত তখন সময় ছিল না ঢোকার।
আজ ড্রাইভারকে বল্লাম 'ওখানে চলো'
গিয়ে দেখলাম তাবুর নীচে লম্বা করে দু পাশে সারি দিয়ে দাড়িয়ে বিক্রেতারা তাদের পন্য বিক্রী করছে।আড়ংএর তুলনায় বেশ কম দামেই । জানতে চাইলাম কিসের জন্য দাম কমিয়েছে ?
বল্লো ছোটখাটো ডিফেক্ট যা ওনারা না দেখিয়ে দিলে আমাদের চোখেই পড়তো না। আর সময়মত আড়ং এ যোগান দিতে না পারা। এছাড়াও কিছু কিছু পন্যের কোয়ালিটি একটু খারাপ।তার জন্য আড়ংই তাদের লোগো লাগানো এসব জিনিস তাদের নিজেদের উঠোনে প্যাভিলিয়ান বানিয়ে বিক্রীর বন্দোবস্থ করে দিয়েছে।
চাদরের প্রতি আমার অসম্ভব লোভ আরেকটি এপ্লিকের কাজ করা বেডশিট কিনতে বাধ্য করলো।আর কিনলাম কালোর মধ্যে লাল এপ্লিক করা কুশন কভার। গত বার ব্যাংকক থেকে আনা অনেকগুলো অদ্ভুত সুন্দর থাই সিল্কের কুশন কভার পরে আছে, যা এখনো ছুঁয়েও দেখিনি। এর মধ্যে এগুলো দেখে পাগল হয়ে পাঁচটা কিনলাম।
আমাদের দেশী জিনিস সত্যি কি সুন্দর তাই না ?
বিক্রেতা মহিলা মনে হলো বৃহত্তর রাজশাহীর। কতগুলো পিস ছিল ব্লক আর হাতের কাজ করা, দাম চাইছে প্রতি পিস মাত্র ৫০ টাকা। তারপরও কিছু কিছু ক্রেতা দরাদরি করছে আরেকটু কমানোর জন্য । সুন্দরী মেয়েটি বলে উঠলো, 'প্লীজ আর দাম কমাতে বলবেন না, এর দাম ৫০ টাকা এটা বলতেই আমার লজ্জা করছে'।
আমারও মনে হলো মেয়েটি সত্যি সত্যি লজ্জা পাচ্ছে।
এখানকার পাট চুকলো এখন কই যাই ! কারো বাসায় যাবো না । মাত্র তিনটা বাজে কিন্ত এখনই কি বাড়ী ফিরে যাবো !!
বল্লাম, 'চলো বানিজ্যমেলায়, এবারতো একবারও যাইনি, তাছাড়া তোমার স্যারের অফিসও কাছে হবে আমি ঘুরতে থাকি।ছুটি হলে তাকে তুলে আমাকে নিয়ে যেও'।
আমার স্বামীতো আমার এই প্ল্যান শুনে মহাখুশী। সে এসব জায়গায় যেতে না পারলেই বাঁচে। শুধু আমার জন্যই তার যাওয়া।
টিকেট কেটে মেলায় প্রবেশ। সোমবার ছিল তাই খুব একটা বেশী ভীড় ছিল না ।এদিক ঐদিক কিছুক্ষন ঘুরে বেড়ালাম। তবে কেনার মত আহামরি কিছুই পেলাম না। এইচ আর সি চা এর প্যাভলিয়নে গিয়ে শুনলাম তাদের পন্য মেলার ভেতরে আর বাইরে নাকি একই দাম।আর পাওয়াও যায় সর্বত্র। তবে কি নাকি এক অফার আছে।কিন্ত সেটা দেখার আমার বিন্দুমাত্র কোন কৌতুহলই হলো না ।এই যদি হয় তাহলে কেন আর শুধু শুধু দুহাতে বোঝা বয়ে বেড়াই ।
তবে একদম খালি হাতে ফিরবো সেটাই বা কেমন ! এই ভেবে কি এক সিরামিকের দোকান থেকে ছোট ছোট চারটা গ্লাস কিনলাম চার রঙ্গের। দেখে মনে হলো অনেক আগে গ্রামের চা এর দোকানে বিক্রেতারা এমন ডিজাইনেরই স্বচ্ছ কাচের গ্লাসে চা বিক্রী করতো । বিক্রেতা বল্লো এতে নাকি চা, কফি, জ্যুস সবই খাওয়া যাবে। শুনে হাসলাম।
দেখুন আমার রং বেরংএর সিরামিক গ্লাস।
এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে কিছুক্ষন ঘুর ঘুর করে সিলোন টি এর ষ্টলের সামনে এসে বসলাম। খুব সুন্দর করে বানিয়েছে ওদের প্যাভিলিয়ান। প্রাচীন ড্যানিশ দুর্গের আদলে তৈরী। বাচ্চাদের জন্য চারিদিকে ঘুরিয়ে মিনি ট্রেনের ব্যাবস্থা। বেশ সুন্দর লাগলো দেখে।
সিলোন চা এর প্যাভিলিয়ান
এই টি স্টলের উল্টো দিকেই ফার্নিচারের প্যাভেলিয়ান পারটেক্স গ্যালারী। স্টলের চারিদিকে ঘোরানও কাঠের পিড়া বা পৈঠা।সিলন টি স্টল থেকে পাঁচ টাকা দিয়ে সুদৃশ্য কাগজের মগে এক কাপ চা নিলাম।সেই কাঠের পিড়ায় বসে বসে চা খাচ্ছি আর মোবাইল দিয়ে এদিক ওদিক লক্ষ্যহীনভাবে ছবি তুলে সময় কাটাচ্ছি। আমার কর্তার ছুটি হতে আরও একটি ঘন্টা।
পাশে একটা দরজী প্লাস শাটিং স্যুটিং এর দোকান।
এর মধ্যে অনেকেই উঠে গেল আবার কেউ এসে বসলো । কারো কারো হাতে কৃত্রিম ফুলসহ গৃহসজ্জার নানাবিধ সামগ্রী নিয়ে চা খাচ্ছে আমার পাশে বসে। সামনে একটা ঝুড়ি অবশ্য ওরা দিয়ে রেখেছে।কিন্ত কে যায় দুহাত দুরে কষ্ট করে খালি কাপ ফেলতে !
নিজ ঘর দুয়ার আর অন্দর সাজানোর চিন্তায় ব্যাতিব্যাস্ত সবাই কিন্ত বাইরে উঠোন সাজাবে কে !! চা শেষ করে বেশীরভাগ লোকজনই কাপগুলো আসে পাশে এদিক ওদিক ছুড়ে ফেলে দ্রুত পা এ রওনা দিল অন্য কিছু কেনাকাটার উদ্দ্যেশে।
এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলা, কি প্রচন্ড ব্যাস্ততা।
আমি তাকিয়ে দেখি চারিদিকে মাটিতে ফেলে দেয়া সেই কাপের ছড়াছড়ি। এত মনটা খারাপ হয়ে গেল দেখে, ভাবলাম বিধাতা আমাদের সৌন্দর্য্যবোধ বলতে কোনরকম অনুভূতি বোধহয় দেয় নি ।
সকল সৌন্দর্য্যের হানি ঘটিয়ে ফেলে রাখা সেই কাগজের কাপ
পরিত্যাক্ত কাপের দীর্ঘ সারি
এমন সময় ফোন আসলো 'কোথায় তুমি ? গেটের দিকে আসো আমি ভেতরে ঢুকবো না'।
উঠতে উঠতে দেখলাম কোথা থেকে দেবদূতের মত দুটো টোকাই কিশোর কিশোরী কুড়িয়ে নিয়ে পরিষ্কার করে গেল সেই তথাকথিত শিক্ষিত মানুষের অসচেতনতার প্রতীক দিকবিদিক ছুড়ে ফেলা পরিত্যক্ত চায়ের কাপগুলো।
ধন্যবাদ জানাই সেই কিশোর কিশোরীদের ....
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



