![]()
অপরূপা আরাকু
আরাকু উপত্যকা নামটি শুনেই কেন যেন আমার মনে হলো নিঃশ্চয়ই সে কোন অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য্যে ভরপুর এক পাহাড়ী কন্যা।যে হয়তো সবুজ মেখলা পড়ে সেজে আছে নীরবে নিভৃতে শত লোক চক্ষুর অন্তরালে। সত্যি বলতে কি আরাকু ভ্যালী শুধু বিদেশী পর্যটকের কাছেই নয়, এমনকি ভারতীয়দের কাছেও অত্যন্ত স্বল্প পরিচিত এক শৈল শহর।
কলকাতায় আমরা যে হোটেলে ছিলাম তাদেরই কোম্পানী যারা নির্দিষ্ট ফি এর বিনিময়ে বিভিন্ন ট্রান্সপোর্টের টিকেট বুকিং/ কেটে দেয়।তারা যখন আমাদের কলকাতা> হায়দ্রাবাদ>বিশাখাপটনম> পুরী>কলকাতা রেল টিকেট বুকিং দিচ্ছিল, তাদের কাছেই জানতে চেয়েছিলাম বিশাখাপটনমে কি কি আছে দেখার ? বেশ কিছু বীচের সাথে বল্লো আরাকু উপত্যকার কথা।কত হিল স্টেশনের নাম শুনেছি, গিয়েছিও বেড়াতে উটি, সিমলা, শিলং, কোদাই- কানাল,দার্জিলিং,কুলু -মানালী।কিন্ত আরাকু এত্ত সুন্দর উপত্যকার নামটি হয়তো অনেকদিন অজানাই থেকে যেত যদি না সেই লোকটা আমাদের না বলতো।
![]()
অপুর্ব সৌন্দর্যে ভরপুর আরাকু উপত্যকা
রেল এবং সড়ক দুটি পথেই বিশাখাপটনমের সাথে সংযুক্ত আরাকু ।উনি আমাদের ভারতের পুর্বাঞ্চলীয় রেলপথ যা কোথাভালাসা থেকে কিরান্ডুলু অর্থাৎ বিশাখাপটনম থেকে আরাকু যাবার ট্রেনের টিকেট বুকিং দিল।আর বল্লো আমরা যেন একটা গাড়ী ভাড়া নিয়ে সারাদিন আরাকু ঘুরে সড়ক পথে বিশাখাপটনম ফিরে আসি।কারন রেল পথের এক সৌন্দর্য্য আর সড়ক পথে ফিরে আসার দৃশ্যটুকুর আরেক সৌন্দর্য্য।
ঊড়িষ্যা রাজ্যের সীমান্তঘেষে অন্ধ্র প্রদেশের এই হিল স্টেশন সমুদ্র পৃষ্ঠের চেয়ে ২,৯৮৯ ফিট উচু।ভারতের প্রাচীনতম পাহাড়শ্রেনী পূর্ব ঘাট ঘিরে আছে এই উপত্যকাকে। এদের মাঝে রয়েছে অন্ধ্রের সর্বোচ্চ পাহাড় গালিকোন্ডা, উচ্চতায় যা কিনা পাঁচ হাজার ফিট ।
![]()
আরাকু রেলষ্টেশন
আমরা যখন গিয়েছিলাম মার্চের মাঝামাঝি তখন শীতের শেষে চৈত্রের উষ্ণতায় প্রচন্ড গরম প্রকৃতি।কিন্ত জুন থেকে অক্টোবর পর্যন্ত অর্থাৎ বর্ষাকালে ১৭০০ মিলিমিটার গড় বৃষ্টি্পাতের পর প্রকৃতি তখন হয়ে উঠে সবুজ শ্যামল,পাহাড়ী ঝর্নাগুলো হয়ে উঠে উদ্দাম উচ্ছল ভরন্ত -যৌবনা।প্রকৃতির সেই দূর্লভ সৌন্দর্য্য দেখার সৌভাগ্য আমাদের হয়নি।
![]()
সবুজ শ্যামল আরাকু ভ্যালী
আমরা যেদিন আরাকু যাবো সেদিন ছিল রবিবার। ভোর ৬.৫০ এ ট্রেন ছাড়বে বিশাখাপটনম থেকে।কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে আগে জানা নেই। তাই একটু তাড়াতাড়ি স্টেশনে এসে বসলাম।তখন ভোর পাঁচটা বেজে পনের মিনিট।
রেলপথে ১১০ কিমি দুরত্বে বিশাখাপটনম- কেরেন্ডুলু প্যাসেঞ্জার ৫৮৫০১ এর নাম এখনো মনিটরে ভেসে উঠেনি।পৌনে ছটা, সাড়ে ছটা আমি অস্থির হয়ে উঠলাম। কি ব্যাপার ৬.৫০ এ ছাড়ার কথা? ইনকোয়ারী রুম কোথায় তাও জানিনা এত ভোরে। ইদানীং বিশ্বব্যাপী ট্রলি স্যুটকেসের বহুল ব্যাবহারে ভারতীয় রেল ষ্টেশনেও কুলী পেশায় নিযুক্ত মানুষগুলোর সংখ্যাও কমে গেছে উল্লেখযোগ্য হারে।অনেকক্ষন পর একজনের দেখা মিলতে সে জানালো নাম্বার প্ল্যাটফর্ম নাম্বার।
![]()
ভোর ৫.১৩ তে বিশাখাপটনম ষ্টেশনে
একটু দ্বিধা দ্বন্ধে ভুগতে ভুগতে ওভার ব্রিজ পার হয়ে এসে দেখি সত্যি আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে।সিট খুজে বসার পর চেয়ে দেখলাম সামনেই এক নব বিবাহিত বাংগালী দম্পতি যাদের সাথে আমাদের রুশি কুন্ডা বীচে দেখা হয়েছিল আগেরদিন।আমাদের কে অনুরোধ করেছিল তাদের কিছু যুগল ছবি তুলে দিতে। চেনা মুখ এই দম্পতিকে দেখে বেশ ভাল লাগলো।ওরাও আমাদের দেখে খুশী। শেষতক এই ট্রেন ছাড়লো পৌনে নটায়। স্থানীয় এক ভদ্রলোক আমাদের সহযাত্রী জানালো যেহেতু সারাদিনে একটাই ট্রেন তার উপর লোকাল, তাতে সেদিন রবিবার ছুটির দিন তার জন্য লেট করছে।নাহলে সময়মতই ছাড়ে প্রতিদিন।
![]()
অপেক্ষা করছি বিশাখাপটনম ষ্টেশনে
শুরু হলো আমাদের আরাকু যাত্রা।ট্রেন ছাড়ার সাথে সাথে আমার ভীষন ক্ষিধে লাগলো। আসলে আমার কোন ধারনাই ছিলনা এই যাত্রা পথ সম্পর্কে।মনে করেছিলাম ট্রেনে নিশচয় ব্যুফে কার আছে। কিন্ত না।যাক যেহেতু লোকাল ট্রেন তাই প্রতিটা ষ্টেশন ধরছে আর সেই সাথে সাথে উঠছে নানা রকম খাবার নিয়ে হকাররা।
![]()
আদিবাসী রমনীরা বসে আছে কোন এক ষ্টেশনে। কার বা কিসের অপেক্ষায় জানা হলো না
দশ টাকায় দশটা পিচ্চি পিচ্চি সমুচা সাথে একটা বিশাল কাচামরিচ সেদ্ধ। চা খেলাম, আবার কফি খেলাম। পেয়ারা, কলা আর বাদাম,চিপস এসব হাবিজাবি কিনে এবার আরাম করে প্রকৃতির দিকে দৃষ্টি ফেরালাম জানালা দিয়ে।
![]()
ছুটন্ত ট্রেনের জানালা দিয়ে তোলা ছবি
আমাদের সেই অজগরের মত বিশাল ট্রেন সমতল থেকে একটু একটু করে উপরের দিকে উঠছে। আমি এত বড় ট্রেনে করে এর আগে কখনো কোন পাহাড় অর্থাৎ হিল ষ্টেশনে চড়িনি। উটি, সিমলা, দার্জিলিং সব জায়গায় টয় ট্রেনেই চড়া হয়েছে।এবারই প্রথম এই সাধারন ট্রেনে পার হয়ে যাচ্ছি একের পর এক পাহাড়ী স্টেশন।পার হোলাম সিমলাচল স্টেশন, এরপরের ষ্টেশন মাল্লিভিডু।
![]()
মাল্লিভিডু ষ্টেশন
আসলো কোট্টাভালাসা ষ্টেশন যেখানে ট্রেন মেইন লাইন ছেড়ে কে কে অর্থাৎ কোট্টাভালাসা - কিরান্ডুলু লাইনে উঠে আসবে।যখন শিভালিঙ্গপুরম ষ্টেশনে আসলাম শুরু হলো পাহাড় আর উপত্যকার সারি।শুরু হোলো সেই পাহাড় অতিক্রমের জন্য সুড়ঙ্গে প্রবেশ।একের পর এক সুড়ঙ্গ পেরিয়ে যাচ্ছি।অন্ধকার সেই গুহায় ট্রেন ঢোকার সাথে সাথেই ছেলে বুড়োর চিৎকার শুরু। কেউ কেউ আবার বাজাচ্ছে ভুভুজেলা।
![]()
সুড়ঙ্গে প্রবেশ করছে আমাদের ট্রেন।
সেই বিশাল ট্রেন সাপের মত বাঁক নিয়ে নিয়ে উঠে যাচ্ছে পাহাড়ী পথ বেয়ে। চারিদিকে অপুর্ব সেই দৃশ্য থেকে চোখ ফেরানো মুশকিল।টানেল থেকে বের হয়েই আবার একটি টানেলে ঢুকে যাচ্ছি আলো ঝলমল রোদ আর সবুজের মেখলা পেরিয়ে।
![]()
আবার আরেকটি টানেলে ঢুকে যাচ্ছি আমরা।
এ ভাবে আরাকু পর্যন্ত প্রায় ৪৪ টি সুড়ঙ্গ পেরিয়ে চলেছি আমরা। টানেলের ভেতরে ট্রেনের গুম গুম শব্দের সাথে পাল্লা দিয়ে ছেলে, বুড়োদের চিৎকারে কান পাতা দায়।
![]()
সামনে চিমিডিপাল্লি ষ্টেশনের বাদিকে রয়েছে বিখ্যাত জলপ্রপাত, কিন্ত শুকনো মৌসুম বলে তার কোন হদিশ পেলাম না।
পার হয়ে আসলাম আরাকুর প্রধান আকর্ষন বোরা কেভস এর ষ্টেশন বোরা গুহালু।যা কিনা আমরা বিশাখাপটনম ফিরে যাবার সময় দেখবো।এখানে অনেক যাত্রী নেমে গেল।আমাদেরও কেউ কেউ বোলেছিল প্রথমে ওখানে নেমে বোরা কেভস দেখে তারপর আরাকু যেতে। কিন্ত আগে থেকে ধারণা না থাকায় আর নামিনি।
![]()
বোরা গুহালু ষ্টেশন
আরাকুর মনে হয় আগের ষ্টেশন, নাম শিমলিগুড়া যার মেইন বিলডিং এ টাঙ্গানো একটি বোর্ড তাতে লেখা, এটা হলো ভারতীয় রেলওয়ের ব্রডগেজ লাইনের সবচেয়ে উঁচু স্থানে স্থাপিত রেল স্টেশন।
![]()
শিমলিগুড়া ষ্টেশন ভারতের সবচেয়ে উচুস্থানে ব্রডগেজ লাইন ষ্টেশন
আস্তে আস্তে আবার নীচে সমতলে নেমে আসছি। কারন আরাকু যে উপত্যকা। সুউচ্চ পাহাড়শ্রেনীর মাঝে ৩৬ স্কয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত আরাকু উপত্যকার দিকে ছুটে চলছে ট্রেন যার দুপাশে নয়নাভিরাম সৌন্দর্য্য ছড়ানো।লোকমুখে শুনলাম নভেম্বর ডিসেম্বরে যখন হলুদ শর্ষে ফুলে সমগ্র উপত্যকা ছেয়ে থাকে তখন নয়/দশ রকম আদিবাসীদের আবাসভুমি আরাকু হয়ে উঠে পরীর দেশ।
![]()
আরাকু উপত্যকা
দু ঘন্টা লেট করে চেড়েছিল বলে আরাকুতেও ২ ঘন্টা পর পৌছালাম তখন বাজে প্রায় একটা।প্রায় চার ঘন্টা পথ পেরিয়ে নেমে আসার সাথে সাথে আমাদের ঘিরে ধরলো লোকাল ট্যাক্সি ক্যাবের ড্রাইভাররা।তারা আমাদের পর্যটকদের জন্য আকর্ষনীয় গাদাখানেক জায়গার নাম গড় গড় করে বলে গেল। সব ঘুরিয়ে দেখিয়ে সেদিন আমরা যখনই ফিরতে চাই তখনই বিশাখাপটনম পৌছে দেবে।
![]()
আমি আমাদের ভাড়া গাড়ী আরাকু ঘুরে বেড়ানোর জন্য
আমাদের কলকাতা থেকে বলে দিয়েছিল গাড়ি ভাড়া ১৫০০ রুপি হবে। কিন্ত তারা ৩ হাজারের নীচে যাবেই না। ড্রাইভারদের বিশাল এক সিন্ডিকেট। একজন বাদ দিয়ে অন্যজনের সাথে কথা বলা যাবে না। কি বিপদ।লোকটাও চীনে জোকের মত আমাদের সাথে লেগে রইলো।শেষ পর্যন্ত ২২০০ রুপিতে রফা হলো।
![]()
সড়কপথে এটা হলো আরাকুর সর্বোচ্চ পয়েন্ট
তাদের ভ্রমন সুচীর প্রথমেই ছিল কি এক গার্ডেন।ভালো করে নামটাও শুনতে পারলাম না।তার আগেই আমার মৃদুভাষী স্বামী সজোরে বল্লো, 'না আমরা আর কোন বাগান টাগান দেখতে চাই না।তার আগে আমাদের কোন রেষ্টুরেন্টে নিয়ে চলো আগে'।
খাবার পর প্রথম ঘুরে বেড়ানো শুরু হলো উপজাতীয় এক মিউজিয়াম দিয়ে। ছোট্ট খাটো লালের উপর সাদা কাজ কোরা গোল একটা বিল্ডিং।মাথার দিকটা চুড়ো করা। মনে হয় ওখানকার আদিবাসীদের বাড়ী ঘরের আদলে তৈরী।বিভিন্ন নৃতাত্বিক গোষ্ঠির হাতে তৈরী বাশ বেতের তৈরী সামান্য কিছু নিদর্শন সাথে তাদের মুর্তি।অপ্রশস্ত করিডোর দিয়ে হাটাও কষ্ট দেখার মতও কিছু নেই। একে মিউজিয়াম বললে কি বলা বলা হয় ভাষা খুজে পাচ্ছি না। পরে মনে পড়লে লিখবোনে।
![]()
আরাকুর আদিবাসী মিউজিয়াম
সেখানে আবার ছবি তোলা নিষেধ।তারপর ও আমার সেলে চুরি করে একটা ছবি তুল্লাম।
![]()
এখানে ছবি তুল্লে কি হবে ভেবে পেলাম না
একটু ঘুরে ঘুরে চারপাশটা দেখলাম না হলে ড্রাইভারটা ভাব্বে আমরা বোধহয় সংস্কৃতিমনা নই ।
![]()
আদিবাসী মিউজিয়াম কম্পলেক্স
১০ মিনিটে মিউজিয়াম দেখা শেষ করে বের হোলাম। ওখানে এখনো নির্মান কাজ চলছে। দেখার বিশেষ কিছু নেইও। বের হয়ে আসলাম পাহাড়ী পথে।ড্রাইভার কাম গাইড এক যুবক।খুব দক্ষতার সাথে চালাচ্ছে। পথটাও খুব সুন্দর ছায়া ছায়া। ডান দিকে উচু পাহাড় বা দিকে প্রশস্ত উপত্যকা।
![]()
ছায়া ছায়া নিরিবিলি রাস্তা
এরপরের গন্তব্য শ্যুটিং স্পট। যা শুনে প্রথমে আমি অতিব উৎসাহী হয়ে পরেছিলাম। কিছুক্ষন পর এক জায়গায় গাড়ী থামিয়ে ড্রাইভার ছেলেটা উপত্যকার বা দিকে আঙ্গুল দিয়ে নির্দেশ করলো। ম্যাডাম ঐ যে ঐ দূরে ঝাপসা দেখা যাচ্ছে ওটা হলো শ্যুটিং স্পট। আমি বললাম 'আমাদের নিয়ে চলো ও খানে'।
সে জানালো এখন ওখানে কোন শ্যুটিং হচ্ছে না সুতরাং ওখানে যাবার কোন অর্থ হয় না। হতভম্ব হয়ে গেলাম পর্যটনের নমুনা দেখে।
![]()
সুদুরে ছায়া ছায়া শ্যুটিং স্পট
নিঃশব্দে নীরবে আবার দু একটা ছবি তুলে আবার গাড়ীতে উঠে বসলাম।
এবারের গন্তব্য কফি বাগান দেখা।উপজাতীদের হাতে তৈরী ভারতের প্রথম অর্গানিক কফি আরাকু এমারেল্ড সারা বিশ্বব্যাপী বিক্রী হয়ে থাকে। হাজার হাজার উপজাতি এই কাজের সাথে যুক্ত।
![]()
কফি গোলমরিচ আর দারুচিনির চাষ একসাথে
উড়িষ্যা থেকে আসা বেশীরভাগ উপজাতীরাই কফি বাগানের কাজের সাথে সংশ্লিষ্ট। কফির সাথে গোলমরিচ আর দারুচিনির চাষও হয়ে থাকে।রাস্তার পাশে উপজাতিদের অনেকে চট বিছিয়ে, ছোট দোকান বানিয়ে এসব বিক্রী করছে।আমি দারুচিনি আর গোলমরিচ কিনলাম।কফি কিনতে চাইলে এক বাঙ্গালী ভদ্রলোক আমাকে ইশারা করলো না কেনার জন্য। ওগুলোর কোয়ালিটি নাকি তেমন ভাল নয়।
![]()
কফি, গোলমরিচ আর দারুচিনির পশরা সাজিয়ে বসেছে এক আদিবাসী বিক্রেতা।
আদিবাসী মহিলারা এক জায়গায় বসে আগুনে পোড়ানো ভুট্টা আর সেদ্ধ ভুট্টা বিক্রি করছে।এটা আমার অত্যন্ত প্রিয় একটি খাবার । যেখানে পাই, যখনই পাই খেতে কোন বাধা নেই।
![]()
ভুট্টা বিক্রি চলছে
যাই হোক এদিক ওদিক ঘুরে হতাশ হয়ে শেষে রওনা হোলাম আরাকুর প্রধান আকর্ষন বিখ্যাত বোরা কেভস দেখতে। পথে দেখা হলো কিউট দেখতে বানরগুলোর।যা আমার অত্যন্ত প্রিয় একটি প্রানী।
![]()
পথের ধারে বানর
আমিও গাড়ির ভেতর থেকে রিয়ার ভিউ মিররে তাদের ছবি তুলে নিলাম।
![]()
বানরের ছবি তুলছি আমি, আমার ছবিটা কে তুল্লো !
অবশেষে হাজির হোলাম বোরা কেভসে। ড্রাইভার আমাদের নামিয়ে দিল যতক্ষন খুশী দেখার জন্য।
![]()
বোরা কেভসের সাইনবোর্ড
গুহার প্রবেশ পথে রয়েছে বিরাট এক কম্পলেক্স, খাবারের হোটেল, কনফেকশনারী, স্যুভেনীরের দোকান টয়লেট এসব।
![]()
বোরা গুহার একটি ছবি
বিশাল সেই বোরা কেভস নিয়ে আলাদা পোষ্ট দিতে হবে এখানে সম্ভব নয়। অনেক সময় লাগিয়ে শেষে ফিরে চল্লাম বিশাখাপটনমের উদ্দেশ্যে সড়ক পথে।
![]()
আসার পথে ড্রাইভার দেখালো দুরে পাহাড়ের ভেতর রেলওয়ের সেই টানেলের মুখ যা দিয়ে আমরা বের হয়ে এসেছি আরাকুপানে
দুপাশে আমার প্রিয় তাল তমালের সারি সারি দেখতে দেখতে সন্ধ্যায় ফিরে আসলাম .................
![]()
আরাকু থেকে বিশাখাপটনমের পথে
ছবিগুলো সব আমাদের ক্যামেরায় তোলা
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৩ সকাল ১০:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


