একা, ভীষণ একা!
অবশ্য নির্জনতা নয়, চারিদিকে কেবল ভীড়ভাট্টা।
এর মাঝেই আমি একা, ভীষণ একা!
তবে তোমার মতই কিছু উচ্ছল উদ্বেল শিল্পমনা
মানুষগুলোর সাথেই আমার যত অদৃশ্য সখ্যতা।
তাদের সাথে উঠা বসা, তাদের সাথেই কথকতা।
আনমনা হয়ে সেদিন গিয়েছিলাম পুষ্পকাননে।
সেখানে কেবল একটাই প্রজাপতি ছিল, বর্ণিল।
সেটা তুমি। বাকী কিছু ভ্রমরের সাথে আমি
শুধু উড়ে উড়ে কিছুক্ষণ ঘুরে বেড়িয়েছিলাম।
তাদের সাথে গুনগুন করে সুর মিলিয়েছিলাম।
তাতেই তুমি কত মুগ্ধ হয়ে গেলে!
বাড়ী ফিরে জানালা খুলে রাখতাম, যদি তুমি
কখনো আসতে চাও নিজে নিজে! এসেওছিলে...
তবে আমারই অভিনিবেশে ঘাটতি ছিল তাই ত্বরিত
চলে গিয়েছিলে। মনের আদেশে আজো জানালাটা
খোলাই রাখি, তবে তুমি আসো না। আমিও চাইনা।
কারণ তোমার বাগানেই তো আজ বসন্তের সমারোহ।
ঢাকা
০২ নভেম্বর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




