১৯২২ সালে মাত্র ২৩ বছর বয়সে যুগস্রস্টা কবি কাজী নজরুল ইসলাম তাঁর প্রথম কাব্যগ্রন্থ ''অগ্নি-বীণা'' প্রকাশ করেন। এর আগেই অবশ্য তাঁর কবিখ্যাতি ছড়িয়ে পড়েছিলো পত্রপত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে। প্রকাশের সাথে সাথেই অগ্নি-বীণা পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলো এবং পাঠকপ্রিয়তাও পেয়েছিলো। এর প্রধান কারণ এক মলাটে ১২টি বিখ্যাত কবিতার উপস্থিতি। আবার প্রতিটি কবিতার ভাব, ভাষা, ছন্দ, আঙ্গিক ও রূপরীতিতে নতুনত্ব এনে নজরুল রবীন্দ্রোত্তর বাংলা কবিতায় যুগান্তর সৃষ্টির বলিষ্ঠ সূচনা করলেন।
কবিতাগুলো হচ্ছে- প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামাল পাশা, আনোয়ার, রণ-ভেরী, শাত্-ইল-আরব, খেয়া-পারের তরণী, কোরবানী ও মোহররম।
অগ্নি-বীণা প্রকাশিত হয় ১৯২২ সালের অক্টোবরে ( কার্তিক,১৩২৯)। এর প্রতিটি কবিতাই এর আগে এক বা একাধিক পত্রিকায় প্রকাশিত হয়েছিলো।
''প্রলয়োল্লাস'' সেকালের বিখ্যাত সাহিত্য পত্রিকা "প্রবাসী'' তে জ্যৈষ্ঠ ১৩২৯ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। পরের মাসেই ''নারায়ণ'' আষাঢ় ১৩২৯ সংখ্যায় পুনর্মুদ্রিত হয়।
''বিদ্রোহী'' ''মোসলেম ভারত'' এ কার্তিক, ১৩২৮ সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। ঐ বছর ২২ পৌষের সাপ্তাহিক ''বিজলী'' ও মাঘ সংখ্যা ''প্রবাসী''তে পুনর্মুদ্রিত হয়।
''রক্তাম্বরধারিণী মা'' ১৩২৯ সালের ৫ ভাদ্র ''ধূমকেতু''তে প্রথম ছাপা হয়।
''আগমনী'' ১৩২৮ সালের আশ্বিন সংখ্যা ''উপাসনা''য় এবং ১৩২৯ সালের ৯ আশ্বিন ''ধূমকেতু''তে ছাপা হয়।
''ধূমকেতু'' ১৩২৯ সালের ''ধূমকেতু'' পত্রিকার প্রথম সংখ্যায় ছাপা হয়।
''কামাল পাশা'' ১৩২৮ সালের কার্তিক সংখ্যা ''মোসলেম ভারত'' এ এবং ১৩২৯ সালের ভাদ্র মাসে ''ধূমকেতু''তে ছাপা হয়েছিলো।
''আনোয়ার'' ১৩২৮ সালের কার্তিক সংখ্যা ''রণভেরী''তে এবং ১৩২৯ সালের ভাদ্র মাসে ''ধূমকেতু''তে ছাপা হয়।
''শাত্-ইল-আরব'' ছাপা হয় ১৩২৭ সালের জ্যৈষ্ঠ সংখ্যা ''মোসলেম ভারত''এ।
''খেয়া-পারের তরণী'' ১৩২৭ সালের শ্রাবণ সংখ্যা ''মোসলেম ভারত''এ প্রথম প্রকাশিত হয়।
''কোরবানী'' ছাপা হয় ১৩২৭ সালের ভাদ্র সংখ্যা ''মোসলেম ভারত''এ।
''মোহররম'' ১৩২৭ সালের আশ্বিন মাসে ''মোসলেম ভারত'' এ এবং ১৩২৯ সালে ''ধূমকেতু''তে ছাপ হয়।
এতাসব বিখ্যাত হয়ে ওঠা কবিতা দিয়ে সাজানো এই যুগস্রস্টা বইটির জন্যও নজরুল কোন প্রকাশককে সেদিন পাশে পাননি। নজরুলকেই তা প্রকাশ করতে হয়েছিলো। পরের সংস্করণ গুলোর জন্য অবশ্য প্রকাশক জুটেছিলো।
অগ্নি-বীণা প্রকাশের আগেই বিদ্রোহী কবিতাটির জন্য ''বিদ্রোহী কবি''নামে ডাকাডকি শুরু হয়ে গিয়েছিলো। কিন্তু তরুণ কবি তাঁর বইয়ের
নাম ''বিদ্রোহী'' দেননি কিংবা বিদ্রোহী কবিতা দিয়ে বইটির সূচনা করেননি। বইটি শুরু করেছেন ''প্রলয়োল্লাস'' কবিতাটি দিয়ে--
তোরা সব জয়ধ্বনি কর্ !
তোরা সব জয়ধ্বনি কর্ !!
ঐ নূতনের কেতন ওড়ে কাল্ বোশেখীর ঝড়।
তোরা সব জয়ধ্বনি কর্ !
তোরা সব জয়ধ্বনি কর্ !!
নজরুল যে বাংলা কবিতায় বৈপ্লবিক পরির্তন এনেছেন সে বিষয়ে কবি সচেতন ছিলেন। সচেতন ভাবেই বিদ্রোহী কবিতার গ্ল্যামারের বদলে নতুনত্বের ঘোষণা দেয়াকেই যথাযথ গুবুত্ব দিলেন।
অগ্নি-বীণা বাজিয়ে কবি বাংলা কবিতায় জনপ্রিয়তা আর শিল্প সফলতাকে একত্রিত করে দিলেন। সেই কালে এ বইয়ের সব কবিতাই পাঠকপ্রিয় হয়েছিলো। আজ প্রায় নব্বই বছর পরও এ বইয়ের অর্ধেকের বেশি কবিতা পাঠকপ্রিয় হয়ে রয়েছে। প্রলয়োল্লাসের উপর্যুক্ত পংক্তি গুলো, বিদ্রোহীর প্রতিটি পংক্তি, ধূমকেতু ( আমি যুগে যুগে আসি,আসিয়াছি পুন: মহাবিপ্লব হেতু), কামাল পাশা ( ঐ ক্ষেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই), আনোয়ার , শাত্-ইল আরব ( শাতিল -আরব ! শাতিল-আরব !! পূত যুগে তোমার তীর।), খেয়া-পারের তরণী ( যাত্রীরা রাত্তিরে হতে এল খেয়া পার), মোহররম ( নীল সিয়া আসমান লালে লাল দুনিয়া) পাঠকহৃদয়কে এখনো উদ্বেলিত করে চলেছে।
অগ্নি-বীণার শ্রেষ্ঠত্বের একটি বড়ো কারণ এক বইয়ে এতোগুলো বিখ্যাত কবিতার উপস্থিতি। আর কোন কবির এক কাব্যে এতো বিখ্যাত কবিতার অন্তর্ভুক্তির কথা আমার জানা নেই। আমি আরেকটি কাব্যের কথা জানি সে কাব্যেরও বেশিরভাগ কবিতাই অগ্নি-বীণার মতোই বিখ্যাত। সেটিও নজরুলেই কাব্য। নাম ''সাম্যবাদী"। সে বইয়ের বিখ্যাত কবিতাগুলো নিয়েও বারান্তরে আলোচনার ইচ্ছে আছে।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




