আজ ব্লগে আমার এক বছর পূর্ণ হলো। কবি রহমান হেনরীর সাহায্যে আমি রেজিস্ট্রেশন করি গত বছর ২ সেপ্টেম্বর। ৪টি রুবাই দিয়ে পোস্ট শুরু করি। কপাল গুনে পরদিনই অর্থাৎ ৩ সেপ্টেম্বর প্রথম পৃষ্ঠায় প্রবেশাধিকার পেয়ে যাই। ৩ সেপ্টেম্বর প্রথম কমেন্ট করেন ''মেঘাচ্ছন্ন''। আমাকে সামু ব্লগে স্বাগত জানান। আজ ''মেঘাচ্ছন্ন''কে সসম্মানে স্মরণ করছি। যদিও সাম্প্রতিক দিনগুলোতে তাঁকে আর সামুতে পাচ্ছি না। যেকানেই থাকুন ভালো থাকুন তিনি, এই দোয়া করছি।
এই এক বছরে আমি পোস্ট লিখেছি ২৪৬টি, মন্তব্য করেছি ১৪৯৩টি, মন্তব্য পেয়েছি ১৭০৮টি এবং আমার ব্লগটি দেখা হয়েছে ২৬২৫৫ বার।
যাঁরা অনুগ্রহ করে আমার ব্লগ দেখেছেন, মন্তব্য করে আমাকে উৎসাহ দিয়েছেন তাঁদের সবাইকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সবার জন্য রইলো শুভ কামনা। সবার কাছে আমি দোয়া প্রার্থী।
এই ব্লগে এসে অনেকের সাথে পরিচয় হয়েছে। প্রথম যার সাথে পরিচয় ও কথা হয় তিনি ''সুখী মানুষ"' তিনি আমার এক জন ভালো বন্ধু ও শুভাকাঙ্খী। এ ছাড়া যাঁদের সাথে সামনা সামনি দেখা ও কথা হয়েছে তাঁরা হলেন হিমালয় ৭৭৭, কবি মূর্তালা রামাত, কালপুরুষ, শিরোনাম হীন, লীনা ফেরদৌস, সুলতানা শিরীন সাজি ( তাঁদের সাথে পারিবারিক পরিচয় অনেক আগে থেকে, ব্লগে নতুন রূপে পরিচয় হয়েছে।), কে এস আমিন, মন্জুরুল হক, কৌশিক, আইরিন সুলতানা,সাইফুর এবং আরিল।
দেখা না হলেও ব্লগে যাঁদের স্নেহাশিষ পাই তাঁরা হলেন,
অপ্সরা, ''চিটি''(হামিদা আক্তার),জুলভার্ন,মো:লুৎফুর রহমান,তাজাকলম,প্রত্যুৎপন্নমতিত্ব প্রমুখ। তাড়াহুড়ার জন্য কারো নাম বাদ পড়লে ক্ষমা চাচ্ছি। জানালে আপডেট করে দেবো।
ব্লগের সূচনা আমার রুবাই দিয়ে। ৩৩টি রুবাই আছে। এখান থেকে (কিছু কিছু পরিবর্তন করে) ৩১টি রুবাইসহ মোট ৫০টি রুবাই নিয়ে গত বই মেলায় বের করেছি এখন পর্যন্ত আমার একমাত্র গ্রন্থ "বাঙ্গালা রুবাইয়াত''। প্রকাশক ভাষাচিত্র (আজিজ সুপার মার্কেট/৩ তলা)। ব্লগে না দেয়া রুবাইগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই।
প্রথম বছরের শুরু ছিলো রুবাই দিয়ে। দ্বিতীয় বছরও শুরু করি রুবাই দিয়ে। (আগের ক্রমিক নম্বরের বদলে বইয়ের ক্রমিক দিচ্ছি। তাই ক্রমিকের ধারাবাহিকতা থাকবেনা)
রুবাই-১৬
মিস্টি আঙুর খেলেন হুজুর মিষ্টি হাসি তাঁর মুখে
খোদার শোকর গুজার করেন আঙুর খেলেন, সেই সুখে
সে আঙুরের রসই যখন দিচ্ছে সাকি জাম ভরে
সে-রস পানের জন্যে হুজুর বকেন আমায় কোন দুখে !
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




