নিউ জিল্যান্ডকে বীরবিক্রমে হারিয়ে ভারত একদিনের ক্রিকেটে বিশ্বের ১নং দলে পরিণত হয়। বহুবছর ধরে এটা শুধু রিকি পন্টিংদের একছত্র অধিকারে ছিলো। অন্য কোন নামের কথা কেউ ভাবতে পারেনি। কালেভদ্রে কেউ ওদের ঘাড়ের ওপর নি:শ্বাস ফেলেছে। ওই পর্যন্তই। কিন্তু সাম্প্রতিক দিনগুলোতে সে রামও নেই সে অযোধ্যাও নেই। একদিন আর টেস্টের ১নং দল এখন দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার এই যুগল রাজত্ব যে অসিদের মতো হবে না তা বোঝা যাচ্ছিল। শ্রীলঙ্কায় অনুষ্ঠানরত তিনজাতি (শ্রীলঙ্কা,নিউ জিল্যান্ড ও ভারত) কমপ্যাক কাপে আসার আগেই খবর বেরিয়েছিলো এই টুর্নামেন্টে লীগ ও ফাইনাল মিলে তিনটি ম্যাচে ভারত জিততে পারলে ভারতই হবে একদিনের ক্রিকেটে বিশ্বের ১নং দল। ধোনীর দলের যে রমরমা অবস্থা তাতে তাদের একনং হওয়া নিয়ে ব্যাপক আশাবাদ দেখা গেলো। প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে দিয়ে প্রথম রাতে বিড়াল মেরে ভারত হয়ে গেলো বিশ্বের একনং দল।
কিন্তু কী ছিলো বিধাতার মনে ! পরের রাতে শ্রীলঙ্কার কাছে শ্রীলঙ্কার মাটিতে রেকর্ড রানের ব্যাবধানে হেরে গিয়ে তাদের বাদশাহী একদিনেই খতম ! এক থেকে সোজা তিনে পতন ! ধারাভাষ্যকার টনি গ্রেগ হিসেব করে জানালেন, ভারতের বাদশাহীর মেয়াদ ছিলো ২৪ ঘন্টা ১৪ মিনিট !
যাই হোক, সেই বহুল আলোচিত কমপ্যাক কাপের ফাইনাল আজ। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে খেলা। দেখাবে যথারীতি টেন স্পোর্টস। কে হবে বিজয়ী ? আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ? নাকি দেয়ালে পিঠঠেকা ধোনীরা ? উত্তর পেতে অপেক্ষা করতে হবে খেলা শেষ হওয়া পর্যন্ত। কারণ এটা অবশ্যই সে পর্যন্ত any body's match.
শেষ খবর হলো আজ ধোনীরা জিতলেও একদিনের সে বাদশাহী এ যাত্রা ফিরে পাচ্ছে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



