মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের ৪৪তম একদিবসীয় সেঞ্চুরীর কল্যাণে ভারত গতরাতে শ্রীলঙ্কাকে ৪৬ রানে হারিয়ে ত্রিদেশীয় কমপ্যাক কাপ সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে। সে সাথে লীগ পর্যায়ে লঙ্কানদের কাছে শোচনীয় পরাজয়ের মধুর প্রতিশোধও নিতে পেরেছে। এই বিজয় দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় মিনি বিশ্বকাপ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের প্রাক্কালে ভারতের মনোবলে নতুন উদ্দীপনার সৃষ্টি করবে।
মহাগুরুত্বপূর্ণ টসে জিতে ভারত ব্যাটিং নেয়। শচীন টেন্ডুলকারের একদিবসীয় খেলায় ৪৪তম সেঞ্চুরীর (১৩৮) সুবাদে ভারত ৫ উইকেটে ৩১৯ রান করে। জয়ের জন্য ৩২০ রানের অসম্ভব টার্গেট তাড়া করে শ্রীলঙ্কা ২৭৩ রানে অল আউট হয়। এই টুর্নামেন্টে ফ্লাড লাইটের আলোয় ২৭৩ রানই শ্রীলঙ্কার শক্তিশালী ব্যাটিং সামর্থ্যের প্রমান দিলো। কারণ এর আগের ম্যাচেই শ্রীলঙ্কার তিন শতাধিক রান তাড়া করতে গিয়ে ভারতের বিশ্বখ্যাত ব্যাটিং লাইন আপকে তাসের ঘরের মতো গুঁড়িয়ে যেতে দেখা গেছে। ফলে ভারতকে শ্রীলঙ্কার মাটিতের রানের হিসাবে শোচনীয়তম (১৩৪ রানে হার) পরাজয় মানতে হয়েছে।
সেঞ্চুরী-শচীন কাল ১৩৮ রানের এক অসাধারণ ইনিংস খেলেই ভারতের জয়ের ভিত গড়ে দেন। এটি শচীনের ৪৪তম সেঞ্চুরী। তাঁর সেঞ্চুরী ক্ষুধায় সকল প্রতিপক্ষ পুড়লেও একমাত্র বাংলাদেশই শচীনের সেঞ্চুরী ক্ষুধা পূরণ করেত দেয়নি। একদিনের ম্যাচে শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮টি, শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি, নিউ জিল্যান্ডের বিপক্ষে ৫টি, পাকিস্তানের বিপক্ষে ৫টি, জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি, কেনিয়ার বিপক্ষে ৪টি, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩টি, ইংল্যান্ডের বিপক্ষে ১টি এবং নামিবিয়ার বিপক্ষে ১টি সেঞ্চুরী একুনে ৪৪টি সেঞ্চুরী করেন। স্বীকৃত ক্রিকেট খেলুড়ে দেশের মধ্যে একমাত্র বাংলাদেশের বিপক্ষেই এই লিটল জিনিয়াস এ পর্যন্ত কোন সেঞ্চুরী করতে পারেননি।
জয়তু বাংলাদেশ !
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



