আমি যখনই ভাবি আঁকবো ফুলের ছবি,
কিছুতেই পারিনা। শিল্পী মনটা আমার হয়ে যায় কবি।
ইচ্ছে হয় মনের সব রঙ দিয়ে একটা ফুলের ছবি আঁকি।
একটা ফুল ফোটাই জলরঙে। রঙ, তুলি, কাগজ
সবইতো পড়ে আছে । শুরু হয় ছবি আঁকা। লাল, নীল, হলুদ
সব রঙ খেলা করে মনের ভেতর।
তুলির টান এগিয়ে চলে, উড়ে চলে পাখীর মত- খোলা আকাশে ।
তুলির টান যখন সব মিলে মিশে এক হয়ে যায়,
ভাল করে তাকিয়ে দেখি_ কেমন সে ফুলের ছবি।
দেখি কোথাও কোন ফুল নেই,
শুধু একটা মুখ_ সে তোমারি ছবি।
2
জল রঙে নিজের ভাবনাকে আঁকি, চেতনাকে রাঙাই।
তুলির টানে টানে বিনিদ্র রজনী কাটে- ফুল ফোটানোর আশায়।
দেখি ফুল তার পাঁপড়িকে সাজায় তোমার চোখে।
বৃন্তের গাঢ় সবুজ পল্লবিত করে তোমার চোখের কাজল।
কচি পাতা গুলো টোল খেয়ে লুটিয়ে পড়ে তোমার গালে।
রেণুগুলো ঠিক জায়গা মতো টিপ হয়ে বসে তোমার কপালে।
আধো ফোটা কলির মত হাসে তোমার দুটো ঠোঁট।
টানে টানে ফুলফোটে, ফুলে ফুলে তুমি সাজ মনের অজান্তে।
ভোরের আলো আসে অতিথির মত। চোখ পড়ে তার ছবির উপর।
সবকিছু স্পষ্ট। আমিও ভাল করে তাকিয়ে দেখি_
রঙে রঙে ফুটেছো তুমি, ফুল হয়ে। আমার ভাবনার সব রঙ
মিলে মিশে এক হয়ে আছে ক্যানভাস জুড়ে।
আমার জলরঙ জ্বল জ্বল করে হাসে তোমার মুখে।
ফুল হয়ে ফুটে আছে আমারি সমুখে।
সদ্যফোটা সেই ফুল, দেখি তোমারি রাঙ্গা মুখ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


