পুরুষ ও মানুষ
ভেবে ভেবে তুমি অনেক কিছুই বলো-
তার সব সত্যি কিনা কখনো কী ভেবে দেখেছো?
তোমার ভাবনার দৈন্যতা আমাকে ভাবায়,
তোমার ভাবনার আড়ালে অন্য কেউ কী ভাবে?
যাকে আমি চিনিনা কিংবা দেখিনি কখনো।
এমনটা হতেই পারে- অথচ আমি তোমাকে
একটিবারের জন্যেও অন্যরকম ভাবতে পারিনা।
ভেবে ভেবে তুমি অনেক কিছুই বলো-
তোমার ভাবনার নিপূণ আবরণে আমিই কেবল অস্বচ্ছ;
বলতে পারো তুমি আমাকে কতটুকু চেনো?
মনের চালুনি গলে বেরিয়ে যায় অসংখ্য কীট,
অথচ আমিই শুধু অবাঞ্ছিত এক কাঁকড় হয়ে আটকে থাকি-
তোমার ভাবনায়। আমাকে পোড়াও তুমি অবিশ্বাসের দাবানলে-
আমি জ্বলতে থাকি নিদারুন কষ্টে।
ভেবে ভেবে তুমি অনেক কিছুই বলো-
সত্যি মিথ্যে যাচাই করে দেখতে চাওনি কখনো;
অথচ নিজেকে মিথ্যুক ভাবতে পারিনা বলেই-
তোমার সাজানো মিথ্যের জোয়ারে আমি ভেসে যাই।
তোমার নারীত্বকে অপমান করার দুঃসাহস আমার নেই;
আমাকে দুর্বল ভেবে যদি আঘাত করেই থাকো,
তবে ভেবে নিও- আমি পুরুষ হয়ে পাল্টা আঘাতে বিশ্বাসী নই;
বরং মানুষ হয়ে তোমাকে ক্ষমাই করতে পারি।
ভেবে দেখো- "পুরুষ" হওয়া যতটা সহজ,
"মানুষ" হওয়া ততটা সহজ নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


