যেদিন তুমি আমার পা ছুঁয়েছিলে
যেদিন তুমি আমার পা ছুঁয়েছিলে-
আমি পাঁচ ফুট ছ’ইঞ্চি মাপের সাধারণ মানুষ,
বিশালতার অনুভবে কেমন দেবতা হয়ে গেলাম।
আমি মুহূর্তের জন্য ভুলে গেলাম-
পাপ-পূণ্যের মিশেলে গড়া আমিও সামান্য একজন মানুষ;
তোমার মতো-আমারো দেহে আছে প্রাণ, হৃদয়ে আছে স্পন্দন।
দেবতার আদলে নির্বাক কোন মাটির মূর্তি
আমি হতে পারিনি কোন পবিত্র মন্দিরে,
অথচ দেবতা ভেবে তুমি পা ছুঁয়ে দিলে নিভৃতে।
প্রসাদের লোভে নয়- প্রণামের অমৃত পেয়ে
আমি দেবতার মতো তোমায় আর্শীবাদ করলাম-
“সুখী হও"”। আমার নিশ্চল, নিথর পা দুটো হঠাৎ
ভিজে গেলো তোমার চোখের জলে-
টের পেলাম আমি দেবতা নই, মানুষ।
কারো কষ্ট আমার প্রসাদ নয়,
কারো প্রণামের আমি যোগ্য নই।
আমার আর্শীবাদ বাণী ঈশ্বরের কানে পৌঁছে না।
অথচ যেদিন তুমি আমার পা ছুঁয়েছিলে-
আমি নিজেকে দেবতা ভেবে-
ঈশ্বরের কাছে তোমার মঙ্গল চেয়েছিলাম।
মাটির মানুষ আর দেবতার তফাৎ একটুও বুঝিনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


