অবিনশ্বর
আমি মরে গেলাম একদিন
ঝড় বৃষ্টির মতো ঝরলো অশ্রু
গ্রহটিতে নামলো কালো আঁধার ছায়া
আতর মাখিয়ে তারা শুভ্রতায় ঢাকলো আমার শরীর
আতরের গন্ধে যেন কেউ বলে উঠলো ‘ভালো দিনেই হয়েছে মৃত্যু,
আল্লাহ বেহেস্ত নসীব করুন’
হাব্বা হাব্বা ডেকে উঠলো গোয়ালে বাধা গাই
আজ কেউ করেনি তার খোঁজ
রফিক উদ্দিন মাটি কাদার কারিগর
তাকে নিয়ে আসা হলো ধরে
রফিক উদ্দিনের নকশা মতো
যোগালিরা লেগে গেল কাজে
স্থায়ী নিবাস গড়বে তারা সাড়ে চার হাত
হচ্ছে ভালো যোগারযন্ত্র বাঁশ কলাপাতা
ইমাম সাহেবের খোঁজ
থেমে থেমে বুক কেঁপে উঠা
পরম যত্নে তারা ধরাধরি করে
শুইয়ে দিলো স্থায়ী ঘরে।
তারপর গজালো ঘাস, তরতরিয়ে
বেড়ে উঠলো হিজলের চারা
আর পাখির কোলাহল
আমি মরে গিয়ে দিন গড়িয়ে গেল অনেক
গ্রীষ্ম পেরিয়ে অবেলায়
এলো শীত
হিজলের ডাল থেকে ঝরে পরলো
সব পাতা
ঝরা পাতা হিজল দেখে
অনেক দিন পর
তোমার চোখে জমে অশ্রু...
কাঁদ কেন প্রিয়
আমি কি মরেছি?
না প্রিয়, তোমাতেই আমি আছি
মরেছে তো আমার শরীর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


