কিশোর নীলান্ত
জীবন কথা
জমিনের আলে হেঁটে জীবনের করি মিছে খোঁজ
আল কেটে ছোট হয় বিয়োগের হয় ভুড়ি ভোজ
সিথানে যা রাখা ছিল গোধুলির আলোয় হারায়
সন্ধ্যা পরে তারে কেন খুঁজি ধানে আর মাড়ায়
জীবনের মাড়ার নীচে জমা নেই সঞ্চিত ধন
মিছে শুধু ছক আঁকা মিছে দেখা পুবের স্বপন
কালো ঘোর আঁধারে তবু দেখি আলোর ঝলক
বাঘের মুখের ভিতর ঠোঁট নাড়ে বেপরুয়া বক
পিছলে পরে গেলে সোজা হয় কেউ ঝেড়ে সব ধুলা
বানে তলানো জীবনে কেউ খোঁজে আগুনের চুলা
স্যাত স্যাতে মেঝে মাঝে জাজিমের ঘুম দেয় কেউ
মসজিদে ঘুমিয়ে কেউ মেপে যায় জীবনের ঢেউ
জীবনটা জীবনই চাইলেই কাটানো যায় মেপে
তারও কেটে যায় দিন, জন্মেই যে উঠে কেঁপে।
কালের ধূলায়
গাছের আড়ালে চাপা পরা আমার শৈশব
সাদা মাঠা দিন, ভুল দিয়ে ঢাকা সব রঙ
মুখেতে লেপ্টে কালি সাজি বিগতের সঙ
নদী স্রোতে ভাসিয়ে দেই ফেলে আসা শব
ভেসে ভেসে চলি, কোথায় ছিল সেই আবাস
কখনোবা গতি ধীর কখনো তীব্র প্রতাপ
ছোট বড় নানা ঢেউ, পুন্য কখনো বা পাপ
সেই সব বিগতেরা মুছে গজিয়েছে ঘাস
গাছে তবু বসে পাখি, স্মৃতি রোমন্থনে
চাপা পরা বিগতরে কাল কেন শুধু টানে
হয়তোবা হারায়না ফিরে আসে সুরে গানে
শৈশব চাপা নেই শৈশব বেচে আছে মনে
আজ হারিয়ে যাবে আগামী কালের ধুলায়
আগামীও বসে বসে আজকের গান গায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


