সমুদ্র নয়, তোমাকে মন্থন ক’রে
শিল্প তুলে আনি
রতনাকরের দস্যুতায়।
ফুলের দিকে নিবিষ্ট হয়ে
কখনো দেখিনা
জন্মদাতা বৃক্ষের আকার পরিচয়;
পৃথিবীর সমস্ত গোলাপ তুমিময়...
উঠোনে বসে আছে শুভ্রডানা কবুতর : ছোট্ট তুমিটি হয়ে;
আমার আকাশে ক্লান্তিহীন উড়ে চলে
পাখি, নাকি তুমি!
বুক ভেসে যায় প্রবল বৃষ্টিপাতে, নাকি তুমি : চির দুর্বোধ্য
কোন্ কথা নিয়ে একা একা
বৃষ্টি হয়ে সারা দিন ধরে বাজো! সে কি
ভালবাসা, না ঘৃণার জল?
অবিশ্বাস্য বৈপরীত্য তুমি,
আমার অরণ্যে অন্ধকারে
এতো আলো তুমি! তারপর এক দিন
দরোজা জানালা হাইওয়ে জনপদ
নিকষ অন্ধকারে ডুবে যায় সব
তুমি চলে গেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




