আজ সকাল ৭.১৫ মিনিটে আমার ব্যক্তিগত মোবাইলে একটি ছোট্ট বার্তা প্রবেশের শব্দ শুনে ঘুমে জড়ানো চোখটা নিয়ে মোবাইলটা হাতে নিলাম। মনে মনে ভাবলাম কে আবার এতো সকালে বার্তা দিলো? আমার তো কারো সাথে কোন প্রেম টেমও নেই যে ঘুম ভাংলেই আমাকে বার্তা পাঠিয়ে ঘুম থেকে উঠার জন্য জ্বালাতন করবে !!!! যাই হোক , উলটা -পাল্টা ভাবতে ভাবতে বার্তা বাক্সটি খুললাম । খুলে যা দেখলাম ‘ read Bangladesh protidin’ অর্থাৎ বাংলাদেশ প্রতিদিন পত্রিকাটা পড়ার অনুরোধ পাঠিয়েছেন খুব অল্প দিন আগেই আমার একটি লিখা পড়ে আমার সাথে যোগাযোগ করেছিলেন যে শুভাকাঙ্ক্ষী, বন্ধু সেই ঢাকার আসিফুজ্জামান তমাল ভাইয়ের। যিনি আমার মতোই বাংলাদেশের গান পাগল এক মানুষ। যিনি প্রায় ফোনে আমার খোঁজ খবর নেন যা আমার খুবই ভালো লাগে। তাই উনার অনুরোধের বার্তা পাওয়ার সাথে সাথেই মোবাইল থেকে ‘বাংলাদেশ প্রতিদিন’ এর ওয়েবসাইটে গেলাম। খুঁজতে খুঁজতে হঠাৎ দেখি শোবিজ পাতায় একটি লিখার শিরোনাম ‘ বাংলা ব্যান্ড সংগীতের ১০ দিকপাল ‘ - আলী আফতাব সাহেবের লিখা। লিখাটির শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই নেয়া হয়েছে সামু ব্লগে আমার ব্যক্তিগত আইডি ‘কবি ও কাব্য’ থেকে গত ২৬ শে অক্টোবর ২০১১ তারিখে পোস্ট করা ‘ঈদ উপহার ঃ বাংলা ব্যান্ড সংগীত ইতিহাসের 'সেরা ১০' এর গল্প’’ থেকে যা হলো - (Click This Link) । ভালো করে লক্ষ্য করে দেখুন সাংঘাতিক আলী আফতাব সাহেব এর লিখা ‘ বাংলা ব্যান্ড সংগীতের ১০ দিকপাল ‘ সাথে আমার লিখার পার্থক্য শুধু আইয়ুব বাচ্চু , জেমস ও প্রিন্স মাহমুদ এর ছবি তিনটি ছাড়া আর কিছুই নয়। আমি যে ক্রমান্বয়ে ১০ জন এর তালিকা দিয়েছি সেখানের তালিকাও একই । আমি যেভাবে শুরু করেছি ঠিক সেইভাবে সেই গল্প , সেই ভাষা সব একই। সেই লিখাটি আমি ও আমার স্নেহের এক ছোট ভাই মুখলেসুর রহমান সজল মিলে লিখেছিলাম যার মধ্য সজল এর লিখাগুলো ছিল - আইয়ুব বাচ্চু, ,মাকসুদ ,মাইলস ও প্রিন্স মাহমুদ আর আমি (কবি ও কাব্য) লিখেছিলাম - সোলস, ওয়ারফেইজ, হ্যাপি আখন্দ, টিপু ও লতিফুল ইসলাম শিবলী’র গল্পগুলো । আর আজকে সাংঘাতিক আফতাব সাহেব একাই লিখে ফেলেছেন একই ভাষায় একই ধারাবাহিকতায় ‘বাংলা ব্যান্ড সংগীতের ১০ দিকপাল’ এর কথা। যা দেখে ভাষা হারিয়ে ফেলেছি যে যারা সবসময় অন্যায় এর প্রতিবাদ করবেন তারাই আজ চোর। তাঁরা সাংবাদিকতার মুখোশে এক একজন ধান্দাবাজ। আমি শুধু আফতাব সাহেব নয় বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক সাহেব এর যোগ্যতা নিয়ে সন্দিহান আছি। সাংবাদিক নামের এইসব ধান্দাবাজ, চোরদের ঘৃণা করতেও আমার রুচিতে বাঁধে । আমি ও সজল জানি যে কত কষ্ট করে আমাদের একেকটি লিখা তৈরি করি যা না দেখলে কেউ বিশ্বাস করবে না। এমন এমন সব মানুষদের নিয়ে গত দেড় বছর যাবত আমি লিখে যাচ্ছি যাদের নিয়ে কোন তথ্য উপাত্ত ইন্টারনেটে সহ আমাদের কোন প্রচার মাধ্যমেই পুরোটা নেই। দেশের জন্য আলাদা কিছু করার ইচ্ছা থেকেই নিজের দায়িত্ববোধ থেকে প্রতিদিন কষ্ট করে যাচ্ছি বিনিময়ে কারো কাছ থেকে কোন প্রতিদান নিই না। অথচ আমাদের সেই কষ্ট সাধ্য লিখাগুলো কে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে সাংবাদিক হওয়ার গৌরব অর্জন করছে যা ভেবে খুব কষ্ট হয়। আফতাব সাহেব প্রমান করলেন যে আমাদের সবকিছু আজ শুধু নষ্ট ,চোর আর ধান্দাবাজ লোকদের দখলে । ধিক জানাই এমন সাংঘাতিক ধান্দাবাজদের ।। কবি ও কাব্য - ০২/০১/২০১৩
কৃতজ্ঞতা - আসিফুজ্জামান তমাল (ঢাকা) ও শাহরিয়ার আরিফ ( চট্টগ্রাম) ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




