somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুরুত্ব

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুরুত্ব

জনপদে বেড়িয়ে নিজেকে জানার উপদেশ দিয়ে
দায়িত্বমুক্ত বিশ্বগুরু বিশ্রাম নিতে আশ্রমে ফিরে যান।

শিষ্যদের মধ্যে একজন ছিলো অনুগত,
সে গুরুর উপদেশে নিজেকে জানার চেষ্টা করলো।
নিজের জন্মক্ষণ সহ পিতা মাতার নাম, ঠিকানা, বংশ পরিচয়
জানতে চাইলে সে যেন গুরুকে নির্ভুলভাবে জানাতে পারে
এমন ভাবে মনে রাখলো।
তবে, অন্যান্য শিষ্যরা যারা গুরুর উপদেশ শুনেও
নিজেদেরকে জানার চেষ্টা করেনি,
তাদেরই মজলিসের দাওয়াতের খাওয়া খেয়ে
গুরু ফিরছেন তাঁর আশ্রমে,
তা’ যখন দেখলো অনুগত শিষ্যটি, ধন্যবাদ পাওয়ার লোভে
নিজেকে কতখানি জেনেছে সে
সবিনয়ে তা’ প্রকাশ করলো গুরুর কাছে গিয়ে।
গুরু বিরক্ত হ’য়ে বললেন,
-“দেখলে তোমাকে একজন মানুষের মতোই মনে হয়
অথচ একটা জংলী জানোয়ারের চে’ও অধম!
কাল ক্ষয় না-ক’রে মানুষ হবার চেষ্টা করো,
আমার সময়ের মূল্য আছে,
যাও, নিজেকে জানো, এখনি আমাকে ফিরতে হবে আশ্রমে।”

অপদস্থ শিষ্যটি অপমানবোধ নিয়েও অনুগত থেকে থেকে
গুরুর উপদেশে আবারো নিজেকে জানার চেষ্টা চালালো।
কোন্ ক্ষেত্রে নিজের কতখানি দক্ষতা আছে,
--তা’ জানতে পারাকেই নিজেকে জানতে পারা ভেবে
সে একটা তালিকা সাজালো।
একনিষ্ঠ শ্রমের মাধ্যমে
তাত্ত্বিক জ্ঞানার্জনে, দর্শনে, বিজ্ঞান চর্চায়, কারিগরি শিক্ষায়,
সৃষ্টির সূত্র সন্ধানে, পরিচালনায়, সম্পাদন কর্মে,
ধ্র“বতা পরিবর্তনশীলতা ইত্যাদি ইত্যাদি,
--সর্বোপরি সাধারণ জ্ঞানে
যেখানে যেভাবে তার দক্ষতাকে প্রমাণ করেছিলো,
--সেগুলোকে গুছিয়ে ঐ তালিকাটা ভরালো।

জনপদে বেড়িয়ে নিজেকে জানার উপদেশ দিয়ে
দায়মুক্ত বিশ্বগুরু বিশ্রাম নিতে আশ্রমে ফিরে যান।

যারা গুরুর উপদেশ শোনে, কিন্তু বুঝতে না-পেরে
অথবা সময় সুযোগের অভাবে
নিজেদেরকে জানার চেষ্টা করে না
তাদেরই দেওয়া পোশাক-পরিচ্ছদে সজ্জিত
বিশ্বগুরু যখন সামনে দাঁড়ালেন,
অনুগত শিষ্যটি ভাবলো,
--যদি কখনো দেওয়ার সুযোগ পেতাম,
অথবা তিনি নিজে যেকোনো মূল্যমানের গুরুদক্ষিণা
অন্যদের মতো আমারও কাছ থেকে যদি নিতেন দয়া ক’রে,
--আমিও ধন্য হতাম।
--নিজের দক্ষতার তালিকাবহনকারী শিষ্যটি,
আত্মবিশ্বাসের সাথে হারানো সৎসাহস ফিরেছিলো যার,
গুরুকে দাওয়াত দিয়ে সাথে নিয়ে গেলো নিজের ঠিকানায়।
শিষ্যটি তার দক্ষতার সনদগুলো মেলে ধরলো গুরুর সামনে।
দেখতে দেখতে গুরু বললেন,
--শুনছি, ছড়িয়েছে নাকি ইদানিং তোমার অনেক নাম-ডাক,
এগুলোই তাহলে সেগুলোর প্রমাণ নিশ্চয়?

অনুগত শিষ্যটি যেন লজ্জায় মাটিতে মিশে যেতে চায়,
তবুও মাথা তুলে বললো সে,
--আপনার যে শিষ্যটি আপনার আদেশে
ভুয়ো জাত্যভিমান পরিত্যাগ ক’রে নিজেকে জেনেছে,
নিজের দক্ষতাগুলো খুঁজে খুঁজে পেয়েছে,
সাধ্যমতো চেষ্টা চালিয়ে দক্ষতায় সহযাত্রীদেরকে টপকে গ্যাছে,
ফলাফলে জুটেছে এতো এতো ধন ও মান,
--এ সবকিছু আপনারই অনুদান,
আজ ফিরিয়ে দিয়ে আমি ঋণমুক্ত হ’তে চাই,
--আমি ধন্য হবো আপনি দয়া ক’রে যদি সব নিয়ে যান।

গুরু হাসলেন তাচ্ছিল্যমাখা হাসি।

শিষ্যটি মাথা নোয়ালো,
--পরীক্ষা প্রার্থনীয়।
আপনি আস্থা রাখতে পারেন,
--আমার ওপর নির্ভর ক’রে যাচাই করুন আমি ধন্য হই।

বিশ্বগুরু তাকে বাজে বক্ বক্ থামানোর আদেশ দিয়ে বললেন,
-একটা গাধাও যদি হ’তে পারতে তো পরখ ক’রে দেখা যেতো
কতখানি বোঝা তোমাকে দিয়ে টানানো যায়;
তোমার চে’ বেশি আছে
একটা পোষা কুকুরেরও একনিষ্ঠ পাহারাদারির দক্ষতা;
একটা বলদও তোমার চেয়ে দক্ষতর, অথচ তা’ জানো না,
এখানেই প্রমাণিত, --এখনো কত গভীর তোমার অজ্ঞতা!
আমি বলি, কাল ক্ষয় না-ক’রে মানুষ হবার চেষ্টা করো।
আমি বলি, নিজেকে জানো।
--আর একটা তালিকায় নিজের অদক্ষতাগুলো
খুঁজে খুঁজে সাজিয়ে দেখাতে পারলে

তোমার উপর কতখানি আস্থা রেখে নির্ভর করা যায়
তা’ আমরা নিশ্চিতভাবে বুঝে নেবো;
প্রমাণ দিয়ে বোঝাতে হবে না, --নিজেরাই বুঝে নেবো।
মানুষ হ’তে পারলে, -জানি গুরুদক্ষিণা তুমি নিজে দিতে পারবে না;
দিতেও বলি না, --নিজেই চেয়ে নিয়ে ধন্য হবো;
তবে এখনি আমাকে ফিরতে হবে আশ্রমে।

জনপদে বেড়িয়ে নিজেকে জানার উপদেশ দিয়ে
দায়িত্বমুক্ত বিশ্বগুরু বিশ্রাম নিতে আশ্রমে ফিরে যান।

অনুগত ব্যর্থ শিষ্যটি অবশেষে গুরুর অদেশে
‘নিজেকে জানা’র অর্থ বুঝতে পেরে
নতুন তালিকা ভরাতে সকল কর্মক্ষেত্রেই খোঁজে নিজের অদক্ষতা;
--তার প্রমাণিত দক্ষতাগুলোর ভেতরেই
যেসব অদক্ষতার প্রমাণ বেরিয়ে আসে,
--সেগুলোকে সংশোধন করতে করতে
যতই নির্ভুলতার দিকে এগিয়ে যায়,
অনুগত শিষ্যটি অবাক হ’য়ে ততই ভাবতে থাকে,
--ধকল যতই সহ্য করছি কেবল অস্তিত্বকেই করছি জয়,
না-জানা কর্মকাণ্ডে দেইনি আমার দক্ষতার পরিচয়;
--এখনো অনস্তিত্বের সঙ্গে মোকাবেলার পাইনি অবকাশ!

না-জানি পাবো কি না, এ্যাতো নড়বড়ে আত্মবিশ্বাস!
-কীভাবে মানুষ হবো! --যেখানে আমি আজও অজ্ঞ ক্রীতদাস!
--তার উপর নিজেকে যে জানবো গুরুর আদেশে!
কোথায় কখন পাবো সুযোগ বা সময়! এ-ধারার ব্যস্ত পরিবেশে!

জনপদে বেড়িয়ে নিজেকে জানার উপদেশ দিয়ে
দায়মুক্ত বিশ্বগুরু বিশ্রাম নিতে আশ্রমে ফিরে যান।

নির্ঘাত অপদস্থ হওয়ার প্রস্তুতি আর সৎসাহস নিয়ে
গুরুর মুখোমুখি দাঁড়িয়ে সমর্পিত শিষ্যটি
প্রকাশ করলো তার সত্য স্বীকারোক্তি,
-ক্ষমা পাওয়ার যোগ্যতা হারিয়েছি আমি, তবু ক্ষমা চাই
মহামান্য বিশ্বগুরু, --আমি আজও নিজেকে জানতে পারিনি,
আমার অদক্ষতার তালিকার বিশালত্ব আঁচ ক’রে
ওদিকে না-গিয়ে বরং আত্মসংশোধনে ব্যস্ত হ’তে বাধ্য হয়েছি।
--এতকাল অপদস্থ হওয়াটাই স্বাভাবিক ছিলো
অথচ বিপরীতটাই ঘটেছে,
--পাওয়ার বিনিময়ে যা’ কিছু দিয়েছি আমি
প্রতিটি ক্ষেত্রেই দেখ্ছি আমার অদক্ষতার ছাপ!
বাজার দরের চে’ অনেক বেশি হারে মূল্য পেয়ে পেয়ে
গ্রহীতার কাছে আজও আমি ভীষণভাবে ঋণী;
--ভেবেছিলাম, গুরুদক্ষিণা চাইলে
আমার অদক্ষতার তালিকাটাই পৌঁছে দেবো গুরুর আশ্রমে।
অথচ দেখুন, আমার প্রকাশিত অযোগ্যতাগুলো সংশোধনের কাজে
আজ আমি এতই ব্যস্ত যে, তালিকাটা সাজাতেই পারিনি।

গুরু হাসলেন তৃপ্তিমাখা হাসি।

-গুরুর কাছে স্বীকার করতে এখানে তো বাধা নেই,
--এখনো নিজেকে জানতে শুরুই করতে পারিনি।
যেসকল গ্রহীতা আমার অদক্ষতাগুলোকে ক্ষমা করেছে
ওদের চাহিদা পূরণেই আমি ব্যস্ত এতকাল
এতটুকু শুধু জেনেছি যে আমি অক্ষম নরাধম।
আপনার নির্দেশে নিজেকে জানতে
আমার নিত্য বাড়ন্ত অদক্ষতার ঐ তালিকাটা সাজানো!
অসম্ভব লম্বা! যার শুরুটাই, -তালিকা সাজানোর অদক্ষতা!
--এখনো নিজেকে দ্যাখার অবকাশ জোটেনি, তবে আশা ছাড়িনি,
-ক্ষমা চাওয়ার যোগ্যতা নেই, তবুও ক্ষমা চাই
মহামান্য বিশ্বগুরু, --আমি আজও নিজেকে জান্তে পারিনি।

তৃপ্ত গুরু মহানন্দে শিষ্যকে জড়িয়ে ধ’রে বললেন,
--যা’ জেনেছো তা-ই যথেষ্ট, এর চে’ বেশি কেউ জানতে পারেনি,
--চলো, আজ আমি নেবো গুরুদক্ষিণা।

গুরুকে দেখা যায় শিষ্যের সাথে শিষ্যের ঠিকানায়।

--তোমার ঐ চাদরখানা ঐতিহ্যবাহী,
ইদানিং জড়াচ্ছো না দেহে, তা’ লক্ষ করেছি।


গুরুর চোখে তবে কিছুই এড়ায় না!
-নিমেষেই ভেবে নিয়ে শিষ্যটি বললো,
--গুরুর অজানা নয়, উত্তরাধিকারসূত্রে পাওয়া ঐ চাদরখানা
যুগ যুগ ধ’রে আমার পূর্বপুরুষের অযোগ্যতার নিশানা বহনকারী।
শিষ্যের চাদরখানা নিজের দেহে জড়িয়ে নিয়ে গুরু বললেন,
-গুরুদক্ষিণা নিলাম, -আজ অন্য এক জনপদ থেকে শুন্ছি ডাক।
--অপদস্থ এ চাদরখানা তবে আমার সঙ্গেই যাক্;
যাবার আগে তোমাকে দিয়ে যাচ্ছি আমার গুরুত্ব;
--এখন থেকে এই জনপদে
তোমার কোনো অনুগত শিষ্য গুরুত্ব পাওয়া পর্যন্ত
গুরু রূপে তোমাকেই জানবে সকলে।
আর জংলী অসত্য অহংকারে জন্তুর মতো উন্মত্তরা,
নিজেদের অদক্ষতা খুঁজে দেখবে না যারা,
তাদেরই দেওয়া গুরুদক্ষিণায়
তুমি খেয়ে প’রে সসম্মানে বাঁচবে সমকালে।

শিষ্যকে গুরুদায়িত্ব দিয়ে বিশ্বগুরু চ’লে যান আড়ালে।
যুগে যুগে অনুগত শিষ্যরাই অবশেষে গুরুত্ব পান।
জনপদে বেড়িয়ে নিজেকে জানার উপদেশ দিয়ে নিত্য কর্তব্য শেষে
সকল বিশ্বগুরু বিশ্রাম নিতে আশ্রমে ফিরে যান।
রঙ্গপুর ০১/০৬/২০০৪
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Take Back Bangladesh/ same Nexus working once again like2004. BNP and JAMAT- 2026 owaoo

লিখেছেন ক্লোন রাফা, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:০৫

২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে চট্টগ্রামের চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) জেটিঘাটে ট্রলার থেকে সারবোঝাই ট্রাকের আড়ালে বিপুল পরিমাণ ভারী অস্ত্র খালাস করা হচ্ছিল। এ সময় চোরাকারবারী ও স্থানীয়... ...বাকিটুকু পড়ুন

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

×