বর্ষা নেশা
(বর্ষা,২০০৯)
এখন বৃষ্টির দিন। আমিও
বৃষ্টি-মদ আকন্ঠ পান করে হয়েছি মাতাল।
মদির ভাবনায় কদমফুল দেখি
কেয়া কামিনীর কল্পিত সুগন্ধে হৃদয় দিশেহারা।
শহুরে বৃষ্টিতে কেমন যেন কমতি থেকে যায়।
ভিন্ন তরঙ্গের রিমঝিম, ব্যাঙ্গের ডাক, কাদামাটির গন্ধ
শহরে এসবের বালাই নেই। তবুও
এই শহরে
শহুরে বৃষ্টি পান করি,
আর মাতাল হই।
বুড়ো-বুড়িদের প্রতি
(মার্চ, ২০০৯)
আমার পরিচিত শুভাকাঙ্খী অনেকেই বুড়ো হয়ে গেছে।
ছেলেবেলায় ভাবতাম কবে বড় হব।
বয়স বাড়ছে দেহের; ঠকছি, ঠেকছি, শিখছি।
আমার এখন একুশ। তোমরা যাকে বলো পড়াশুনা তাতেই আমার যতো আবহেলা।
বলছো নিজেকেই ঠকাচ্ছি। অবশ্য একই চাঁদ, নদী
বর্ষা-বসন্ত আমার বারবার ভাললাগে।
তাই ওগুলো কখনো পুরোনো হয়না আমার কাছে।
আমি সত্যিই পূরন করতে পারলামনা তোমাদের যত আশা ছিল।
দেহের বয়স বেড়েই চলছে
এখন আমি শিখতে পারলামনা কারো গলা কেটে পয়সা বার করতে।
তোমাদের এ নিয়ে দুঃখ হয়; কি করে চলব?
গান করি, কবিতায় ভাসি, গল্পে আড্ডায় জুড়ি নেই।
তোমাদের তাই আফসোস হয় আমাকে নিয়ে।
মধ্যরাতে বৃষ্টিতে ভিজলেও আমার জ্বর হয়না,
ভোরের হাওয়ায় আমি অক্লান্ত দৌড়ে দৌড়ে
ছুঁয়ে দিতে যাই দিনের প্রথম সূর্য।
তোমাদের সবচেয়ে মধুর স্বপ্নে যে চাঁদ দেখেছিলে
তারচেয়েও সহস্রগুন আলোকিত জোছনায় আমি
শিষ বাজিয়ে হেটে চলি সারারাত
সব ভয়কে তুচছ করে।
চাষার ইস্পাত কঠিন বাহু থেকে ঘাম ঝরানো সূর্যের উত্তাপ
সারাদুপুর গায়ে মেখেও যখন ক্লান্ত হইনা
তখন তোমরা বলো " নষ্ট হয়ে গ্যাছে " ।
তখন আমি, তোমাদের কথা এ কানে ঢুকিয়ে ও কানে বের করে দিই।
মানুষ হবার দিন আমার ফুরোয়নি, বেঁচেই যখন আছি।
তোমাদের ভাষায় আরেকটু বেশি নষ্ট হবার তীব্র ইচ্ছা জাগে।
আর ভাবি কি বোকা তোমরা।
আমাকে হিংসে করার ক্ষমতাটকুও তোমাদের নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




