প্রায় তিন মাস বাসায় নেট কানেকশন ছিলো না। । খুব শান্তিতে ছিলাম। সমস্যা বলতে একটাই। প্রিয় কিছু মানুষকে পাওয়ার ব্যয়টা খুব বেড়ে গিয়েছিলো। যাই হোক। একদিন জিপির এক বন্ধু বললো ওদের লাইনটা ব্যবহার করতে। বিপত্তিটার শুরু এখান থেকেই।
বহু বছর আগে কে যেন বলেছিলো মুঠোফোন যতো পুরোনো আর ছাল-চামড়াহীন হয় ততোই নাকি তার মালিকের বনেদিয়ানা প্রকাশ পায়। কে বলেছিলো মনে নেই ঠিকই, কিন্তু কথাটা ভুলিনি। যাই হোক্, এবার আর ঐ কথা ধরে থাকলে চলছে না। এক বন্ধু বললো- কিনবেই যখন, তাহলে এজ্-এনাবল্ড সেট কেনো। ইন্টারনেট ব্যবহারে সুবিধা হবে।
যা বলো বাবা! দোকানিকে গিয়ে জানালাম বন্ধুর আবদার। একটা চমৎকার লাল সাদা জিনিস দেখাতেই চোখটা আটকে গেল। বাহ্, দারুণ তো! নতুন একটা ফোন হলো। ইন্টাররেট এখন আমার থেকে মাত্র এক পা দুরে।
বাসায় এসে ফোন নিয়ে বসে আবিস্কার করলাম দোকানী মনের ভুলে ডেটা ক্যাবল দেয়নি। কি আর করা
। নেট যখন এতদিন না থাকতে পেরেছে, আর একটা দিন না হয় দেরীই করলো। পরদিন জানলাম যে মনের ভুল না, এই সেটটা অনেক আপগ্রেডেট(!)। এতে অনেক ব্লু-টুথ, ইন্ফ্রা-রেড, আরো ছাতা-মাতা অনেক কিছুই আছে।শুধু যা নেই তা হলো অতি সাধারণ ইউ.এস.বি ডেটা কেবল্। এখন উপায়? আবার সুহ্রদরা এগিয়ে এলো আবার- একটা ব্লু-টুথ এ্যাডাপটর কিনে ফেলো। কিনলাম। আজ আমার নেট কানেকশন কেউ আটকাতে পারবে না। রাত প্রায় শেষ, ভোর হয়ে এলো। চেষ্টা করেই যাচ্ছি, কিছুতেই জিনিসটা চলছে না। রক্তচাপ বাড়তে বাড়তে স্ট্রোক করার মতো হলো একসময়। নিস্তেজ হয়ে ঘুমিয়ে গেলাম।
যাই হোক, আর একটা দিন শুরু হলো। আজকে ইট ইজ আ ডু অর ডাই সিচুয়েশন। লাইন না পেলে বাসায় মান ইজ্জত নিয়ে টিকে থাকা সমস্যা হয়ে যাবে। দোকানীর কলার চেপে ধরতেই ব্যাটা যন্ত্রটা পাল্টে দিলো। আজ আর আগের ভুল করলাম না। দোকানেই টেস্ট করে নিলাম।সব ঠিক আছে। আজ রাতে নেট শুধু আমার!
হলো না। নতুন সমস্যা। নোকিয়া পিসি স্যুট লাগবে। আরো একদিনটা গেলো। এরপর নেট কানেকশন পেলাম ঠিকই কিন্তু আমার প্রি-পেইড সিমে আনলিমিটেড সংযোগ নেয়া সম্ভব না, নতুন সিম কিনতে হবে।
নতুন দিন আসলো। নতুন সিম কিনলাম। আনলিমিটেড অ্যাকাউন্ট অ্যাকটিভেট করতে দিয়েছি। মাত্র বাহাত্তর ঘন্টা লাগবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




