বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে নৃশংসভাবে পিটিয়ে আহত করা পুলিশের বিতর্কিত ডিসি হারুন অর রশীদ এবার প্রেসিডেন্ট পুলিশ পদক পাচ্ছেন। চলতি বছর পুলিশ সপ্তাহ উপলক্ষে ৬৭ জন পুলিশ সদস্যকে প্রেসিডেন্ট পুলিশ পদক(পিপিএম) ও বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) দেয়ার জন্য মনোনীত করা হয়েছে। এই তালিকায় নাম রয়েছে বর্তমানে রাজধানীর লালবাগ জোনে কর্মরত সেই ডিসি হারুনের।
তবে পুলিশের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি। গতকাল রাতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারের মোবাইলে ফোন করলে বন্ধ পাওয়া যায়। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদের সরকারি মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে গোয়েন্দা পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখনও এ বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত হয়নি, তবে উচ্চ পর্যায় থেকে ডিসি হারুন অর রশীদকে পদক দিতে জোর সুপারিশ রয়েছে।
২০১১ সালের ৬ জুলাই হরতালে বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুককে সংসদ ভবনের সামনে নির্মমভাবে পিটিয়ে আহত করেন তত্কালীন তেজগাঁও জোনের পুলিশের এডিসি হারুন ও এসি (বর্তমানে এডিসি) বিপ্লব কুমার। বিএনপি নেতা ফারুককে ন্যাম ভবনের একটি কক্ষ থেকে টেনে হেঁচড়ে রাস্তায় এনেও পিটিয়েছেন হারুন ও বিপ্লবসহ অন্য পুলিশ সদস্যরা। এ দুই পুলিশ কর্মকর্তা বর্বর হামলা চালিয়ে বিরোধীদলীয় চিফ হুইপকে রক্তাক্ত জখম করেন। লাঠি দিয়ে আঘাত করে বিরোধী নেতার মাথা ফাটিয়ে দেন। বুকের ওপর উঠে বুট দিয়ে লাথি মারেন হারুন। এ ঘটনায় তখন ডিএমপির যুগ্ম কমিশনারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করা হলেও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হারুনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। বরং এ ধরনের জঘন্য ঘটনার পরও তাকে বিভিন্নভাবে পুরস্কৃতই করা হচ্ছে!
প্রতি বছর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিভিন্ন বিভাগে পদক দেয়া হয়। এর মধ্যে রয়েছে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, বাংলাদেশ কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। পুলিশে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেয়া হয়। চলতি বছর পুলিশ সপ্তাহে ৬৭ জন পুলিশ সদস্যকে পদক দেয়ার জন্য মনোনীত করেছে নির্বাচক কমিটি। আগামী ২২ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই পদক পুরস্কৃতদের হাতে তুলে দেবেন বলে কথা রয়েছে। চলতি বছর পুলিশ পদকে ভূষিত হওয়া ৫৯ জন পাচ্ছেন বিপিএম ও আটজন পাচ্ছেন পিপিএম পদক। একাধিক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, পদক তালিকার শীর্ষে নাম রয়েছে হারুন অর রশীদের। এদিকে পুলিশ পদক নিয়ে স্বজনপ্রীতির ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে পুলিশের মাঠ পর্যায়ে বেশ অসন্তোষ চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ সদস্যরা অভিযোগ করেন, যারা জীবন বাজি রেখে কঠোর পরিশ্রম করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাদের বেশিরভাগই পুরস্কারের তালিকায় আসেন না। এ কারণে মাঠ পর্যায়ে ভালো কাজ করেও যুগ যুগ ধরে অবহেলিত রয়েছেন অনেক পুলিশ সদস্য।
প্রভাবশালী এক মন্ত্রীর সুনজরে থাকায় হারুন অর রশিদের নাম তালিকায় স্থান পেয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তে আরও অনেক বিতর্কিত কর্মকর্তার নাম তালিকায় থাকায় অনেক পুলিশ কর্মকর্তা বিস্ময় প্রকাশ করেছেন। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তাদের কারণে মাঠ পর্যায়ের ভালো কর্মকর্তারা পদক তালিকায় স্থান পাচ্ছেন না।
বিরোধীদলীয় নেতা জয়নুল আবদিন ফারুককে পেটানোর সময় হারুন ছিলেন তেজগাঁও জোনের এডিসি। কিন্তু এরপর তাকে পদোন্নতিসহ কয়েকদফা পুরস্কৃত করা হয়েছে। ওই ঘটনার কিছুদিন পরই হারুনকে এসপি পদে পদোন্নতি দিয়ে মানিকগঞ্জে বদলি করা হয়। কিন্তু তিনি সেখানে যেতে অনিচ্ছা প্রকাশ করেন। পরে তাকে পুলিশ সদর দফতরে সংযুক্ত রাখা হয়। এরই মাঝে তিনি ডিএমপির কোনো পছন্দের জোনে ডিসি পদে বদলির জন্য তদবির করেন। কিশোরগঞ্জ জেলার বাসিন্দা হারুন মন্ত্রী ও কয়েকজন আওয়ামী লীগ নেতাকে দিয়ে তদবির করিয়ে নিজেকে লালবাগ জোনে ডিসি হিসেবে বদলি করান। বর্তমানে লালবাগ জোনের ডিসি পদে দায়িত্ব পালনকালেও তার বিরুদ্ধে বহু গুরুতর অভিযোগ আসে। সম্প্রতি বিরোধী দলের কর্মসূচি চলাকালে পুরান ঢাকায় ছাত্রলীগ ক্যাডাররা বিশ্বজিত্ দাসকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার সময় সেখানে উপস্থিত ছিলেন হারুন। তিনি নিরপরাধ দর্জি ব্যবসায়ী বিশ্বজিেক রক্ষায় এগিয়ে যাননি। এ দৃশ্য মিডিয়ায় ফলাও করে প্রচার করা হলেও কোনো ব্যবস্থা তো নেয়া হয়নি, বরং হারুন ফের পুরস্কৃত হচ্ছেন।
হায়রে আওমী সরকার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



