সাজাইয়া দে আমায় ©
সাজাইয়া দে আমায়, সাজাইয়া দে
বিষন্নতা ভেসে যাক, নব আনন্দে।।
জোড়াবেণী বানা তোরা, কোঁকড়ানো কেশে
গুঁজিয়ে দে রঙ্গিন ফুল, খোঁপার চারিপাশে।
নয়নে দে নীলা কাজল
আনন্দে বাজা রে মাদল
প্রেমের সুরে গাইবি সকল
শ্রীখোলের শব্দে।।
নীলাম্বরী শাড়ির কুঁচি, করে দে রঙ্গে
ঝুলিয়ে দে স্বর্ণলতা, আমারই অঙ্গে।
পরিয়ে দে রূপার বিছা
পায় যেন কালাতে দিশা
মিটিবে তাঁর মনের আশা
থাকবে না দন্দে।।
জ্বালিয়ে দে যত আলো, সারা বৃন্দাবনে
নৃত্যের তালে নূপুর বাজুক, জলের তরঙ্গে।
সখি তোরা সবাই মিলে
নাচবি গিয়ে কদম তলে
আমি রাধা তোদের দলে
নাচিবো ছন্দে।।
রবিবার ২৪ জানুয়ারি ২০১৬ রাত ২-২০ মি।

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



