
চেচানো এলার্মে মৃত্যুভঙ্গ জাগরণ
মেনথল- সেভিংক্রিম আর
নুন মাখানো টুথপেস্টের স্বাদ
বৃদ্ধ লালার সাথে পিপারমেন্ট
বেসিনে গড়িয়ে পড়া দলা দলা অবসাদ
বাথরুমের সাদা টাইলসে
ভেসে যায় বিউটি সোপের মায়াবী ফেনা
আয়নায় দেখা হলো ক্লোন নাকি যমজের
লাটিমের মত ঘুরছে দেহ
কতটা থেতলে গেছে অবয়ব
আর কতটা পুরনো -
খোলশ ছাড়ানো চকচকে আনকোরা জনতা
জেলিতে কমলালেবুর ফসিল
দু'কামড় পাউরুটি
দুদ্দার সিঁড়ি বেয়ে নেমে যাওয়া - অবিরাম
রাজকন্যা উদ্ধারে যেন পাতাল ভ্রমণ
ছুটছে পালিশ জুতো
ছুড়ে দেওয়া হাতের মুঠোতে আচমকা বাসের হ্যান্ডেল
শক্ত আর ঠান্ডা -
সবকিছু বড্ড বেশিরকম স্বাভাবিক
হ্যালো আর থ্যাংকয়ুতে ভরে আছে
প্রতিবেশি পরিবেশ
বাসটা ছাড়ুক দেরিতে- হেভি ট্রাফিকে দু'ঘন্টা লেট
ক্রমাগত আসা ই-মেইলগুলো হয়ে থাক আনরিড
লাঞ্চবক্সে আয়েশি স্যান্ডউইচে ফাঙ্গাস
হ্যাঙ্গারে ঝুলুক ধুলো পড়া বিবাগী স্যুট
আর দিনের পর দিন তোমাকে অনলাইনে না পাওয়া
ক্রমাগত বেজে যাচ্ছে কলিংবেল
অনন্তকাল ধ'রে ছুটে যাচ্ছে পিওন
গ্রীন-টি, মুচমুচে কুকিজ আর আচমকা তোমার মিসকল
ইনবক্সে পড়ে থাক অনুত্তর আবেগ
সবকিছু মিটমাট এক পলকেই
ক্লান্ত সন্ধ্যায় ফিরে আসে বনলতা
কবেকার দেখা যেন আবার মিলন
তবু পড়ছেনা পলক আর
আধখোলা চোখ জেগে থাকে
জাগে অবিরাম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

