চলে যাব এতসহসাই!
অনন্ত আঁধার খুঁড়ে তৃষ্ণার্ত চুম্বন ঠোঁটে নিয়ে গেছে
এক ঝাঁক পিপীলিকা,
ঝাঁকের বাঁকে বাঁকে কম্পিত পদভার;
তবু এ বিরহী জীবন খুঁজে ফেরে সেই হারানো স্পর্শ,
সুখের দুপুরকাল।
একবার কাছে আয়, শুধু একবার;
নিপাট ভাঁজের জীবন ছুঁড়ে ফেলে দেব,
চোখের জল মুছে দেয়া সেই হাত
কাঙ্খিত সময়ে আবার দস্যুতার মহড়ায়,
নিপুণ আঁধারে আলো জ্বেলে জ্বেলে
খুঁজে নেবে নৈবদ্যের সেই চিরচেনা বাঁক।
কতটা আঁধার আর কতটা রাত!
চোখের সম্মুখেই জেগে থাকা চাঁদ!
এত কেন অনড় সময়?
একবার কাছে আয়, শুধু একবার;
পিঁপড়ের জীবন থেকে চেয়ে নেব ফের
ভুলে যাওয়া সখ্যতা।
ঠোঁটে ঠোঁটে শেখা হবে প্রেম
যতটুকু জানি তারচেয়েও বেশী
জানা হবে চুম্বনের অচেনা কৌশল,
যদি ভালবাসা দিস
তৃণলতার মত মেইয়ে যাব তোর শরীরের বাঁকে
স্পর্শের নৈকট্যে শিখে নেব নিগুঢ়তম আলিঙ্গনের স্পষ্ট সংজ্ঞা,
অথবা প্রেম কিংবা ভালবাসা,
অথবা দু'টোই।
১১ই জুলাই ২০১৬
যুক্তরাজ্য।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

