
ও মাটি ধরোনা মেয়ে,
ও মাটি তুমি ধুলি ভেবে মেখনা কখনো পায়ে!
ও শিশির ছুঁয়োনা,
যে জলে হয়েছে শিশির
নদীর সে জলকে তুমি ভেবেছো ঘোলা,
তাকে তুমি অপেয় ভেবে এমনকি ভিজতে দাওনি আঁচল খানাও।
তুমি চলে যাও দূরে
ঐ লোকালয়ে, খুঁজে নাও রাত্রি দ্বিপ্রহরে
লক্ষ গলির শহরে তোমার চার দেয়াল, ইটের বাড়ি;
অতঃপর দাঁড়াও আয়নার মুখোমুখি,
মুখের ভাজ থেকে সরীসৃপের খোলসের মত
তুলে ফেল একে একে আধুনিক বিতানের মোহনীয় প্রসাধন।
আঁতকে ওঠো কি তুমি খোলসবিহীন নিজেকে দেখে?
তবু প্রতিদিন তোমাকে তাতেই মানায়;
মুখোশের শহরে দামি খোলসে চাটুকার লেহন,
কি নিদারুণ প্রতারণা মুখোশ ও খোলসে।
তারপরেও তুমি আধুনিক এই শহরে
খোলসেই কি চমৎকার নিজেকে সাজাও।
২১শে মার্চ ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০১৭ সকাল ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



