ঘরের মধ্যে ঘর
কেউ বলেনি সে কথা
কতটুকু দহনে পোড়ায় অন্তর,
ভেঙে যায় রাত্রীর দেয়াল;
আঁধারের সাথে সখ্যতা গড়ে
বুনো পোকার গান মৌনতা ভাঙে দীঘল রাতে
বিষাদ নূপুরে।
কেউ দেখেনা চেয়ে
কতটুকু কান্নার দুপুর প্রমত্ত নদী ধরেছে বুকে,
ঢেউ এসে তীর ছুঁয়ে গেলে
কিশোরী বঁধুর ভেজানো শাড়ি চ্যাঁদের জমিনে আল্পনা আঁকে ;
গোপন প্রেম তখন ছুঁয়ে যায় বহতা নদীর অধরে অধর রেখে।
কেউ বোঝেনা এ হৃদয়,
কবির ক্ষত একবার বুকে নিলে শত ক্ষতেও পূর্ণতা পায়
স্বাপ্নিক পদ্যে বিভোর বেহুলা নারী,
মৃত্যু তখন ফিরে যায় জীবনের গন্ধ শুঁকে;
নারীর অজান্তেই
ঘরের মধ্যে সৃষ্টি হয় আরেকটি ঘর,
সে ঘরের পুরোটাই জুড়ে থাকে
চেনা চেনা অবয়বের কবি কিংবা তার অদৃশ্য বিষাদ।
৩রা মে ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০১৭ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



