খন্ড কবিতাঃ
এক।
এখনও শিয়রের এলার্ম-ঘড়িতে
তোমার জেগে ওঠার সময় গুনি,
জেনে গেছি বহুদিন ব্যয়িত জীবনে
এটা অভ্যাস ভালবাসা নয়
যেমনটা হারায় মাথা থেকে খসে যাওয়া কেশ
কিংবা অলক্ষে জীবন-জৌলুশ।
দুই।
একদিন আষাঢ়ের বৃষ্টির দিনে
ডাকাত পড়েছিল আমাদের বাড়ি;
মা ভাবলেশহীন ভাবে কানের কাছে ক্ষত দেখিয়ে বলেছিল
এটা গহনা ছিঁড়ে নেয়ার দাগ।
আমরা সেই গল্প শুনে শুনে কেমন আতঁকে উঠতাম।
বহুদিন পরে বহু প্রতিঘাতে আমিও বুঝেছি
সময় আর কিছু না পারুক
স্মৃতির ক্ষতে ঢেলে দেয়
বিস্মৃতির মোড়ক।
৪ঠা মে ২০২০
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



