পায়ের শব্দে ঘুম ভেঙ্গে যায়,চোখ মেলে দেখি তুমি আমার সামনে দাঁড়িয়ে ।
আমি আঁৎকে উঠি।
বলি," তুমি?! কেন এসেছ?কি চাও তুমি?"
আমার রক্তে তখন হিমশীতল প্রবাহ;মাথার ভেতর প্রশ্নের ঝড়।
কেন দাঁড়ালে তুমি সামনে আমার?
তোমার প্রশ্নবিদ্ধ চোখের দিকে তাকাতে ভয় পাই।
যদি ঐ চোখের অতল গহ্বরে হারিয়ে যাই!
তুমি বললে,"কেন?কেন আমাকে ফেলে পালিয়ে গেলে?
কেন আমায় ভুলে গেলে?
কেন ভুলে গেলে আমি ছাড়া মিথ্যা তুমি?
আমি ছাড়া অপূর্ণ তুমি।"
আমি বলি," আমায় তুমি ক্ষমা কর,
আমি পারিনি, আমি পারবনা তোমায় ধরে রাখতে,
জানি, বিশ্বাসঘাতক আমি,মিথ্যাবাদী আমি,
জানি, আমি অপূর্ণ,তোমার কাছে দায়বদ্ধ।তবুও তুমি ফিরে যাও।
আমি আজ পরাজিত, শক্তিহীন,আমি যে আর তোমার নই।"
তুমি চলে গেলে,তোমার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম আমি।
চোখে নিয়ে নোনা জল আর ঝাপসা দৃষ্টি।
তবু সান্তনা,নিজের পুরনো সত্তাকে ফিরিয়ে দিয়ে বর্তমানকে বাঁচানোর চেষ্টা সফল আমার।
ভাবি, সেই পুরনো আমি থাক,সে স্মৃতিতেই বেঁচে থাক সবার।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



