কলম হাতে নিয়ে
আমি এক ঘন্টা যাবত বসে আছি
একটি কবিতা লিখবো বলে।
ভাষার কবিতা।
ভালোবাসার কবিতা।
ভাষার প্রতি ভালোবাসার এক অনুপম দৃষ্টান্তের কথা।
আমি লিখতে চেয়েছিলাম সেই যুবকের কথা।
খাতা কলম বন্ধ করে যে ছুটে গিয়েছিল রাজপথে
জীবন বাজি রেখে যে শ্লোগান তুলেছিল, "রাষ্ট্রভাষা বাঙলা চাই।"
আমি লিখতে চেয়েছিয়াম সেই তরুণের কথা।
১৪৪ ধারা ভেঙে যে মুখোমুখি দাঁড়িয়েছিল রাইফেলের।
যে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল,
কেবলই একটি ভাষার জন্য।
আমি লিখতে চেয়েছিলাম একদল তারুন্যের কথা
ভাষার ভালোবাসায় উন্মাদ হয়ে যারা
ভরা মজলিসে বিরোধিতা করেছিলো স্বয়ং গভর্নর জেনারেলের।
ভাষার মাধুর্যে
একটি কবিতায় আমি ফুটিয়ে তুলতে চেয়েছিয়াম
ভাষার প্রতি ভালোবাসার গল্প।
কিন্তু আমি লিখতে পারিনি
প্রথমবারের মত আমার কলম আমার সাথে বিদ্রোহ করল।
আমায় কিছুই লিখতে দিলো না।
সে বলল, "জাতির মেরুদণ্ড ভাঙার উৎসবে
ভাষাগত আগ্রাসনের উচ্চ রবে
যে এখনো খাতা-কলম নিয়ে ঘরের কোণে পরে থাকে
তার হাতে আর যাই হোক,
ভাষা শহীদদের কবিতা মানায় না।"

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



