পিছন থেকে আবার উঠে আসা সূর্যের আলোতে ফিরছি তোমার
নথাধারকে চিনে নেওয়ার জন্য উরুমণ্ডুপে যাতে সহজেই তীর
আর বাঁশী কোথায় তার ঠিকানাটা খুঁজে পাওয়া যায়।
গোপনীয় আর কিছুই রাখতে চাই না, মেঘের থেকে তোমার শরীর
পর্যন্ত যে শাদারেখাগুলো সঙ্গীতের তার, যে মধুবনের হাওয়ায় শিং
উঁচু করে দাঁড়িয়ে থাকে মহিষ, তার পায়ের নিচের মাটি খুঁড়ে দেখি
তোমার জলসাঘর।
নৃত্যশীল সূর্যের আলোতে বহুগামী চিন্তার ধুলো উড়াতে গিয়ে যারা
মুখ থুবড়ে পড়ে আছে বেহালার ছেঁড়া তারে, তাদের দেহ কাঁধে
নিয়ে ফিরছি একাই।
পথে তোমার পায়ের ছাপ দেখে দেখে খুঁজে ফিরছি বাহুডাঙার হাট
মদ্যা হাতিদের গভীর ছায়া দালানে
উড়াচ্ছি ঋতু বদলের পতাকা, তোমার পায়ের আওয়াজ।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০০৯ রাত ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


