
কতদিন শুনিনি তোমার মায়াবী কণ্ঠস্বর ; মনে হচ্ছে স্থির হয়ে থাকা টেলিফোন বেজে উঠেনি অনেক বছর আর কয়েক কোটি বছর রয়েছো তুমি শব্দহীন। ঝরাপাতার মর্মরে, পাখির শিসের মাঝে তোমারই কণ্ঠ ভেসে আসে নৈশব্দ্যের বুক ভেদ করে ।
ইচ্ছে করলেই আমি অন্য মানুষ হয়ে উঠতে পারছিনা ;ইচ্ছে করলেও তোমার জন্য নিয়ে আসতে পারিনা সেই মেঘ,সেই বৃষ্টিধারা। খুব ইচ্ছে করে তোমার জন্যে নিয়ে আসি একটা স্নিগ্ধ ভোর। ইচ্ছে করছে তোমার জন্য নিয়ে আসি অনন্ত জীবন ; তোমার জন্যই শুদ্ধ করি আমার এই জীবন।
জানো,আমার বুকের ভেতরে এখন কেবল খাঁখাঁ গ্রীষ্মকাল, কি দীর্ঘ গুমট! আমি হয়তো কখনো আকাশ ভালোবাসি ; কখনোবা শ্রাবণের মেঘ। কিন্তু সবকিছুর ভীড়ে তোমাকেই সবচেয়ে বেশী ভালোবাসি ; আর রাত্রিদিন তোমার ধ্যানেই মগ্ন থাকি।
আচ্ছা ; এমন কি হবে কোনো একদিন? এই বিষাদ থাকবেনা। দুজনে মুখোমুখি বসে কাছে ডেকে আনবো দূরের ঐ আকাশ। কোনো একদিন হবে বৃক্ষে বৃক্ষে আলিঙ্গন আর শেষ হবে আমাদের অনন্ত বিরহ!
17-06-2016
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ রাত ১২:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




