এক অগ্রজ বলিলেন: ‘তুমি কোথাও যাও না কেন? যেতে হয় বুঝলে যেতে হয়...’
ঠিক, দু’হাত তুলিয়া কান্দিয়া কাটিয়া বুক না ভাসাইলে স্বয়ং আল্লাহও শুনেন না...
ফেরদৌসী রাজদরবারে বহুপথ পাড়ি দিয়া পৌছাইয়া ছিলেন, তানসেন আকবর বাদশাহর দরবারে গিয়াছিলেন...
আমি নিজে বহুজাতিক কর্পোরেটের চাকুরে ছিলাম। কতজন কতবার গিয়া স্যান্ডেলের ফিতা, জুতার তলা খসাইয়া স্পনসর/বিজ্ঞাপন জোগাড় করে তাহা দেখিয়াছি...
ঠিক, যাইতে হইবে। যাহারা শিল্প রসিক, যাহারা শিল্প সংগ্রাহক, যাহারা শিল্প প্রমোটর তাহাদের কাছে। যাইতে হইবে শিল্প বোদ্ধাদের নিকট, যাহারা সার্টিফিকেট দিলেই সমাজে শিল্পী হওয়া যাইবে। যাহারা বাহবা দিলেই স্বর্ন মুদ্রা আকাশ হইতে ঝনঝইয়া পড়িবে, তাহাদের নিকট। যাহারা হাততালি দিলে ক্যামেরার মূহঃ মূহঃ সাটার পতনে জন্ম নিবে ‘তারকা’ তাহাদের নিকট যাইতে হইবে...
যাহার যাইবার আলস্য, তাহার কিছু হয় না... ডেল কার্নেগী, ডঃ লুৎফর রহমান, বিদ্যুৎ মিত্র কিংবা মহাজাতকীয় কোয়ান্টাম মেথড যতই শেখাক যাইবার কৌশল, কটলার যতই কটকট করে ‘ব্রান্ড ও কমুনিকেশন’ শেখাক...
অগ্রজ বলিয়াছেন, আলস্য ভাঙ্গিয়া মহানদের গুলিয়া পান করিয়া গেলাম, যাইলাম... তরী পাড়ে ভিড়িবার প্রাক্কালে বুঝিলাম সকলে ‘পারফর্মার’ নয় অভিতাভ বচ্চনের মত।
আমিতো অবশ্যই নই, কোন পদেরই নই।
আমি ফিরিয়া আসিলাম, আমার গৃহ কুটিরে... রঙ তুলির নিরাপদ আশ্রয়ে...

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৫ দুপুর ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



