এই সংবাদটি আজকের আমাদের সময় পত্রিকার অনলাইন সংস্করণে এই সংবাদটি পড়ে আমার মনে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। ব্লগারদের সাথে শেয়ার করার জন্য হুবহু তুলে দিলাম। আপনাদের মতামত জানাবেন আশা করি।
পিলখানায় বিডিআর বিদ্রোহের পরে নতুন দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মিডিয়াতে বলেছিলেন, বিডিআর নাম নিতে ঘৃণা হয়, এদের পোষাকে রক্তের দাগ লেগে আছে।
একটি বাহিনীর সকল সদস্য বিদ্রোহ করেনি, একটি সুশৃংখল বাহিনীর বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালকের এই কথা শুনে সেদিন আমি হতবাক হয়েছিলাম। তার এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের কোন প্রতিবাদ আমরা করিনি, এই অপরাধের কোন বিচারও আমরা চাইনি। হয়তো এরই ধারাবাহিকতায় সরকারের বাইরে আরেকটি প্রশাসন তিনি কায়েম করছেন। স্বেচ্ছাচারিতার চরম পরাকাষ্ঠা দেখাতে পারছেন। নাগরিক অবস্থান থেকে আমি এর তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করছি। সেই সাথে উক্ত মহা পরিচালকের রাশ টেনে ধরার জন্য সরকারের প্রতি আবেদন করছি।
আমাদের সময়ের রিপোর্টঃ
ডিজির কার্যক্রমে বিস্ময়, এটা শৃংখলা ভঙ্গের শামিলঃসরকারের সিদ্ধান্ত ছাড়াই বিডিআরের নাম, পোশাক ও মনোগ্রাম পরিবর্তনে বিস্ময় প্রকাশ করেছেন দেশের একাধিক বিশিষ্ট আইনজীবী, বিডিআরের সাবেক মহপরিচালকসহ একাধিক সামরিক বিশেষজ্ঞ। তারা বলেছেন, অবিশ্বাস্য এই কাণ্ডটি একটি সুশৃঙ্খল বাহিনীর প্রধান কিভাবে করছেন তা বোধগম্য নয়। তাদের মতে, নিঃসন্দেহে এটা শৃঙ্খলা ভঙ্গ। সরকারের উচিত এজন্য তাকে বিচারের মুখোমুখি করা। সরকারের দায়িত্বশীলরা এ ব্যাপারে মুখ খুলছেন না। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, বিষয়টি তার জানা নেই। আর স্বরাষ্ট্র সচিব বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটা হতেই পারে না। সরকার বিডিআরের নাম কিংবা পোশাক পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ নামে কোনো ঈদ কার্ড তিনি দেখেননি।
গত ৩ দিন থেকে প্রস্তাবিত নতুন পোশাক পরে অফিস করছেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলাম। একই সঙ্গে তিনি বিডিআরের নাম পরিবর্তন করে নিজেকে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’-এর মহাপরিচালক পরিচয়ে ব্যক্তিগত ঈদ কার্ড ছাপিয়ে সরকারের সকল মন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সকল প্রতিষ্ঠান প্রধানদের কাছে বিতরণ করছেন। মনোগ্রামেও আনা হয়েছে পরিবর্তন। সরকারের সিদ্ধান্ত ছাড়া এ ধরনের কার্যক্রমকে ‘অবাধ্যতা’ অভিহিত করে অনেকেই বলেছেন, একটি সুশৃঙ্খল বাহিনীর প্রধান হয়ে কীভাবে তিনি নিজেই আইন লঙ্ঘন করছেন তা প্রশ্নবোধক।
বিডিআরের নাম ও মনোগ্রাম পরিবর্তন করে ঈদ কার্ড বিতরণের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন দেশের শীর্ষ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। গতকাল এই প্রতিবেদেকের সঙ্গে আলাপকালে তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, এটা অবিশ্বাস্য। প্রবীণ এই আইনজীবী বলেন, ‘আমার জানা মতে সরকার বিডিআর আদেশের কোনো পরিবর্তন করেনি। সেক্ষেত্রে বিডিআর মহাপরিচালকের এই কর্মকাণ্ড নিঃসন্দেহে শৃঙ্খলাভঙ্গ। একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রধান হিসেবে তিনি এটা করতে পারেন না। যেহেতু তিনি একজন সেনা কর্মকর্তা সেহেতু সেনা আইনে তার এই কার্মকাণ্ডের বিচার করা যায়। সেনা আইনে এই ধরনের কর্মকাণ্ডের জন্য হয়তো কোর্ট মার্শাল হবে না, কিন্তু শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিচার হতে পারে। আর সেনা আইন অনুযায়ী এই ধরনের অভিযোগের বিচার হওয়া মানে তিনি আর চাকরিতে বহাল থাকতে পারবেন না।
সুপ্রিম কোর্টের অপর আইনজীবী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেন, বিডিআর মহাপরিচালকের এই কর্মকাণ্ড বিডিআর আদেশের লঙ্ঘন। ১৯৭২ সালের বিডিআর আদেশ দেশের একটি প্রচলিত আইন। এই আইনের কোনো প্রকার পরিবর্তন বা সংশোধন করার একমাত্র এখতিয়ার সংসদের, কোনো ব্যক্তি বিশেষের নয়। যদি বিডিআরের নাম বা প্রতীক পরিবর্তন করতে হয় তাহলে সংসদের মাধ্যমে প্রচলিত আইনটিতে সংশোধন আনতে হবে। পুরো মন্ত্রিসভা পরিবর্তন করলেও সংসদের অনুমোদন ছাড়া আইনের পরিবর্তন হবে না। কিন্তু বিডিআর মহাপরিচালক নাম ও প্রতীক পরিবর্তন করে যা করেছেন তা একইসঙ্গে দেশের প্রচলিত আইন ও সংসদকে অবমানননার সামিল। তিনি যেহেতু একই সঙ্গে সেনা ও সরকারি কর্মকর্তা এবং একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রধান সেহেতু তার বিরুদ্ধে সাধারণ দণ্ডবিধি ও সেনা আইনে বিচার করা উচিত। একটি শৃঙ্খলাবদ্ধ বাহিনীর প্রধান হিসেবে দেশের প্রচলিত আইনকে অবজ্ঞা করার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনার বিষয়টিও এক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে।
প্রবীণ একজন সামরিক বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে গতকাল এ প্রতিবেদককে বলেন, শুরু থেকেই আইন অমান্য করে চলেছেন বিডিআরের ডিজি মেজর জেনারেল মইনুল ইসলাম। তিনি মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের পর থেকে একদিনও বিডিআরের পোশাক পরেননি। সেনাবাহিনীর পোশাক পরেই দায়িত্ব পালন করছেন। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিডিআর স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণাধীন একটি বাহিনী। তিনি যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করেন বিডিআরের, আর ইউনিফরম পরেন সেনাবহিনীর এটা হয় না। তার মতে, এটা কোনো বয়েজ স্কাউট নয় যে, যে যার ইচ্ছেমতো নাম কিংবা ইউনিফরম পরিবর্তন করতে পারবেন। সরকারের সিদ্ধান্ত ছাড়াই নাম ও পোশাক পরিবর্তনকে অতিমাত্রায় বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আইন ও এখতিয়ার বহির্ভূত এই কার্যক্রম সরকারের সঙ্গে বিদ্রোহের শামিল। তার মতে, পোশাক পরিধানের (সেনা পোশাক) ক্ষেত্রে শিথিলতা দেখানোর কারণেই এরকম বাড়াবাড়ির সুযোগ সৃষ্টি হয়েছে।
এই বিশেষজ্ঞ বলেন, বিডিআর নাম বঙ্গবন্ধু পছন্দ করে রেখেছিলেন। এটি দেশের পার্ট অব হিস্ট্রি। কারো খেয়াল খুশিমতো এটা পরিবর্তন হয়ে যাবে তা হয় না।
বিডিআরের সাবেক একজন মহাপরিচালক বলেছেন, একটি সুশৃঙ্খল বাহিনীর শীর্ষ পর্যায়ে এ ধরনের উচ্ছৃঙ্খলতা পরিস্থিতিকে আরো খারাপের দিকে নিয়ে যাবে। আনুগত্যের প্রশ্নও এক্ষেত্রে বিবেচনায় আসতে পারে। তার মতে, বর্তমান ডিজির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা যেতে পারে। সরকারের উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেয়া। তিনি বলেন, আইনের উর্ধ্বে কেউ নয়। আইন সবার জন্য সমান। সবাই বিডিআরের ড্রেস পরতে পারবেন, আর যারা সেনাবাহিনী থেকে আসবেন তারা এই পোশাক পরবেন না এটা কোন ধরনের আইন? তাহলে যারা বিডিআরের ড্রেস পরবে আর যারা সেনাবাহিনীর ড্রেস পরবে, এক বাহিনীতে চাকরি করে উভয়ের মধ্যে একটা মনস্তাত্তিক দূরত্ব সবসময় কাজ করবে। এতে বাহিনীতে কখনো শৃঙ্খলা ফিরে আসবে না।
সাবেক উপদেষ্ট ড. আকবর আলি খান গতকাল এ প্রতিবেদককে বলেছেন, বিডিআরের একটা নিজস্ব আইন আছে। ইচ্ছা করলেই এই আইন কেউ পরিবর্তন করতে পারবে না। সংসদ ছাড়া নাম পরিবর্তন কিংবা আইন পরিবর্তন কোনো ভাবেই সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



