এক।
আর কোনো নাম নেই বদনাম ছাড়া
নামের ঘরেতে আজ প্রণয়ের
কঠিন পাহারা!
দুই।
যে তোমারে ডেকেছিল দূরে
তারে তুমি কোন দূরে নিয়ে যেতে চাও?
চেয়েছিল দখিনা বাতাস, তারে
কেন তুমি ঝরেতে কাঁপাও!
তিন।
অনেক দিনের পরে ফিরে এলো
বৃষ্টির ঘ্রাণ।
এ বুকের পোড়া জমি ভিজে গেলো
ভিজে গোলো উন্মুখ ঘাস ...
আজ তাই শিখেছি কাঙালপনা
আরো বেশি ভালো লাগে
এ পোড়া সুবাস!
চার।
দূর থেকে তোমাকেই দেখি
কেমন হাসির স্রোতে উজ্জ্বল চোখ
হৃদয়ের নদী তার দুই কূল ভাঙে
কত স্মৃতি ভিটে হারা হয় - তবু এ নদী ভাঙুক।
পাঁচ।
আকাশে গ্রহণ লাগে
সূর্যের মতো তারা ঢেকে যায় চাঁদের আড়ালে
হৃদয়ে গ্রহণ লাগে
ভালোবেসে কেউ তার দু'হাত বাড়ালে।
তারপর চাঁদ সরে যায়
খর রোদে পুড়ে যায় চোখ
এ হৃদয়ে জেগে থাকে
গ্রহণের শোক।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



