নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোসাইপুরে চাঁদা না দেয়ায় আশরাফ-ওয়াহেদ বাহিনীর প্রাণনাশের হুমকিতে বাড়ি থেকে বের হতে পারছেন না স্থানীয় ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম ও তার আত্নীয়-স্বজন। ইতিমধ্যেই এ সন্ত্রাসীরা দু'জনকে নির্মমভাবে কুপিয়ে পঙ্গু করে দিয়েছে, বাড়ি ছাড়া করেছে অন্তত ১৫টি পরিবারকে এবং দখল করে নিয়েছে একটি পুকুরসহ প্রায় ৩০ একর জমি।
প্রত্ক্ষ্যদর্শী ও স্থানীয়সূত্রে জানা যায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোসাইপুর গ্রামের অধিবাসী ও গোপালপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলামের সাথে প্রায় ৫ বিঘা জলকরের একটি পুকুরের দখল নিয়ে একই গ্রামের আশরাফ ও ওয়াহেদের সাথে দীর্ঘদিন যাবৎ বিবাদ চলে আসছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আশরাফ ও ওয়াহেদ শহীদুলের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে। কিন্তু শহীদুল চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা বিবাদমান পুকুরটি জবরদখল করে নেয়। এতে বাধা দেয়ায় তারা পুকুরের পার্শ্ববর্তী শহীদুলের আত্নীয়-স্বজনদের প্রায় ১৫ টি বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। গত ১৭ জুন রাত ৯ টার দিকে শহীদুলের ফুফাতো ভাই পার্শ্ববর্তী মৃধাকচুয়া গ্রামের অধিবাসী আলাউদ্দিন (৪০) কে চায়ের ষ্টলে বসে থাকা অবস্থায় আশরাফ, ওয়াহেদ, মানিকসহ ৮/১০ জন সন্ত্রাসী চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে নির্মমভাবে কুপিয়ে আহত করে। এতে তার দুটি হাতই চিরতরে অকেজো হয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছে না। বরং উল্টো মামলা তুলে নেয়ার জন্য সন্ত্রাসীদের হুমকির কারণে বাদী আশরাফুল ইসলাম বর্তমানে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে বাড়িঘর ছেড়ে পালিয়ে গিয়েও বাঁচতে পারেনি শহীদুলের মামা তজিমউদ্দিন। গত ২১ আগষ্ট রাতের অন্ধকারে এ সন্ত্রাসীরা এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তাকে। তিনি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একের পর এক হামলা ও হুমকির কারণে শহীদুল ও তার পরিবারের সদস্যরা বর্তমানে বাড়ি থেকে বের হতে পারছেন না। আর এ সুযোগে সন্ত্রাসীরা শহীদুল, তার ভাই আব্দুল বারীসহ অন্যান্য আত্নীয়-স্বজনদের প্রায় ৩০ একর জমির ফসল কেটে নিয়ে গেছে। অনাবাদী অবস্থায় পড়ে রয়েছে আরও প্রায় ২০ একর জমি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ত্রাসীরা কেটে নিয়ে গেছে পুকুর পাড়ের প্রায় ৩০টি গাছ। প্রাণভয়ে পালিয়ে যাওয়ায় ফাঁকা পড়ে রয়েছে পুকুরের নিকটবর্তী ১৫টি বাড়ি। এ সময় শহীদুলের বাড়িতে আশ্রয় নেয়া হকমান, মজিরউদ্দিন, আলতাফ, জাহাঙ্গীর, কামাল ও জিয়া জানান, আশরাফ ও ওয়াহেদের ক্যাডারদের অত্যাচারের ভয়ে তারা বাড়ি যেতে পারছেন না। এমনকি তারা হামলার ভয়ে হাটবাজারে পর্যন্ত যেতে পারছেন না বলে জানান।
এ ব্যাপারে শহীদুলের বড়ভাই আব্দুল বারী স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




