নাটোরের বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে বর্তমানে একই সাথে দু'জন স্বাস্থ্য কর্মকর্তা অবস্থান করছেন। কিন্তু দুজনের কেউই সাধারণ রোগীদের চিকিৎসাসেবা দিচ্ছেন না। একদিকে চিকিৎসক সংকট অন্যদিকে দুই স্বাস্থ্য কর্মকর্তার রশি টানাটানিতে হাসপাতালের প্রশাসনিকসহ সব ধরণের কার্য্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
বড়াইগ্রাম হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৩ সালে। প্রতিষ্ঠার ৩৬ বছরের মধ্যে মাত্র একজন ব্যক্তিই বিভিন্ন মেয়াদে ১৬ বছর যাবৎ এ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করছেন । আর এ সৌভাগ্যবান ব্যক্তি ডা. নাজিম উদ্দিনকে পরপর তিনবার বদলী করা হলেও তিনি কোথাও যোগদান করেননি। সর্বশেষ গত তিনমাস আগে তাকে ষ্ট্যান্ড রিলিজ করে ঈশ্বরদী হাসপাতালে দায়িত্ব দেয়া হলেও তিনি গায়ের জোড়ে এ হাসপাতালেই অবস্থান করছেন।
হাসপাতালের বিভিন্ন তহবিলের অর্থ আত্নসাৎ, বিনা টেন্ডারে গাছ বিক্রি, সরকারী ঔষধ বাইরে বিক্রি করাসহ নানাবিধ অভিযোগে ইতিপূর্বে এলাকায় তার বিরুদ্ধে একাধিক বিক্ষোভ মিছিল ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের ঘটনা ঘটেছে। স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাদের তদন্তে তার বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতাও মিলেছে। তদন্ত কমিটি তার বিরুদ্ধে একাধিকবার ষ্ট্যান্ড রিলিজ সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশও করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এ যোগদান করেছেন । আর এ ক্ষমতাকে কাজে লাগিয়ে অতীতের সকল অপকর্মকে মুছে দিয়ে বারবারই তিনি বদলী আদেশ বাতিল করিয়েছেন এবং হাসপাতালকে ব্যক্তিগত সম্পত্তি হিসাবে ব্যবহার করছেন।
এদিকে গত ১১ জুন এ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা পদে ডা. সাইদুর রহমান নামে নতুন কর্মকর্তা যোগদান করার ৩ মাস অতিবাহিত হলেও অদ্যাবধি তিনি নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে হাসপাতালের অর্থনৈতিক ও প্রশাসনিক দায়িত্ব বুঝিয়ে দেননি। উপরন্তু, স্বাস্থ্য কর্মকর্তার জন্য বরাদ্দকৃত বাসাটির দখল না ছেড়ে উল্টো নতুন যোগদানকারী কর্মকর্তাকে বদলী করানোর চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাঝে মাঝে তিনি অনধিকার চর্চা করে কিছু কিছু ফাইলপত্রেও স্বাক্ষর করছেন। এতে একদিকে যেমন হাসপাতালের প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হচ্ছে, অন্যদিকে বাসা না পেয়ে নতুন যোগদানকৃত স্বাস্থ্য কর্মকর্তাকে জেলা শহর নাটোর থেকে এসে দায়িত্ব পালন করতে হচ্ছে। উপরন্তু হাসপাতালে ১১ জন ডাক্তারের স্থলে কর্মরত আছেন মাত্র ৪ জন। ফলে উপজেলার প্রায় পৌনে ৩ লাখ জনসাধারণ প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৫/৬ জন কর্মচারী জানান, আমাদেরকে দুই স্যারই কাজের অর্ডার দেন। ফলে দায়িত্বপালন করতে গিয়ে আমরা অসুবিধায় পড়ি। এখন আমাদের শ্যাম রাখি না কুল রাখি অবস্থা।
বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান বদলীকৃত কর্মকর্তার দায়িত্ব বুঝিয়ে না দেয়া এবং বাসা না ছাড়া প্রসঙ্গে বলেন, আমি তাকে ব্যক্তিগতভাবে বারবার অনুরোধ করা স্বত্ত্বেও তিনি বাসাও ছাড়ছেন না, দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন না । এ অবস্থায় আমি দারুণ অসহায় বোধ করছি।
বদলীকৃত টিএইচও ডা. নাজিম উদ্দিনের কাছে এসব অভিযোগের বিষয়ে কথা বলার জন্য বারবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।
নাটোরের সিভিল সার্জন ডা. জিএম মিজানুর রহমান ডা. নাজিমউদ্দিনকে বারবার বদলী করা স্বত্ত্বেও নতুন কর্মস্থলে যোগদান না করার বিষয়টি স্বীকার করে বলেন, নানা অনিয়মের কারণে তাকে প্রায় তিনমাস পূর্বে ষ্ট্যান্ড রিলিজ করা হয়েছে। এরপরও তিনি সেখানে অবস্থান করে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। এখন স্বাস্থ্য অধিদপ্তরই এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে পারে।
এলাকাবাসী উপরোক্ত সমস্যা সমধানের জন্যর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অনুরোধ করেছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



