মনটা ভালো; আবার ভালো না-সেটাও বলা যায়। আমি সাধারণত আমার যেকোনো লিখা মাইক্রোসফট ওয়ার্ডে লিখি; তারপর সেটাকে পিডিএফ করে রাখি এবং শেষতক সেই ওয়ার্ড ফাইল থেকে সোজা কপি-পেস্ট করে এখানে। কিন্ত আজ সরাসরি এখানে লিখছি। জানি কেউ পড়বে না আমার এই লিখাটা। ক্রমাগত পোস্ট আসতে আসতে একসময় পোস্টের অতল তলে হারিয়ে যাবে লিখাটা। আমি মাঝে মাঝে চেক করবো কেউ দেখলো কিনা। কেউ দেখেনি দেখে হতাশ হয়ে কিংবা মন খারাপ করে নতুন একটা ট্যাব খুলে ফেসবুকে ঢুকে পড়বো; অথবা সামনের মিডটার্মের জন্য দুঃখভারাক্রান্ত মনে পড়তে বসবো। সিলেবাস অনেক বড় তাই মিডটার্মের উপর মেজাজ বেজায় খারাপ, তারচেয়ে বেশী মেজাজ বিগড়ে আছে মিডটার্ম নেবেন যে ম্যাডাম তার উপর। প্রথম মিডটার্মের মার্কস ছিল ১০ অথচ টপিকস একটা। আর এখনের মিডটার্মের মার্কস ৭.৫ কিন্তু টপিকস দুইটা। আগেরবারের তুলনায় দুই ডাবল।
আমি হলে থাকি। পাচ্যের অক্সফোর্ড আমার বিদ্যাপীঠ। আমি যে হলে থাকি সেটা মেধাবীদের হল। বিজ্ঞান বিভাগ অর্থাৎ যাকে ভর্তি পরীক্ষার সময় 'ক' ইউনিট বলে সেই বিভাগের প্রথম সারির মেধাবীরা আমার হলের ছাত্র। এখানে জ্ঞানের চর্চা হয় তুলনামূলকভাবে একটু বেশী। রাজনৈতিক ডামাডোল এখানে তেমন একটা নেই। আমার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিরুপদ্রব হল আমার হল। কিন্তু ইদানীং এটাও অস্থির হয়ে আছে ভবিষ্যতের অশনি সংকেতের অপেক্ষায়। সবাই সামনের দিনগুলোর জন্য চিন্তাযুক্ত। আমার মতো যারা রাজনীতির ধার ধারে না তাদের কপালের ভাঁজটা আবার একটু বেশী। কারণ এই বেচারা পাবলিকগুলা দুই পক্ষের (কখনো কখনো তিন পক্ষের) মাঝে পড়ে ডাবল ডলা খায়। না পারে কোন পক্ষরে মারতে, না পারে মার থেকে বেঁচে থাকতে। তবে সবাই যে মার খায় তা কিন্তু না। আমি মার খাবো কিনা বুঝতে পারছি না।
মাঝে মাঝে মনে হয় রাজনীতি করি। কিন্তু এখন যারা হলে রাজনীতি করে তাদের কোন মেরুদণ্ড নেই। কোন নীতি নেই। সবাই আছে খাওয়ার ধান্দায়। তাই গোবেচারা ছাত্র হয়ে না থেকে আর কোন উপায় নেই। ইদানীং কি যে হয়েছে...... আগে সময় পেলেই ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়ে পড়তাম। কোন দৃশ্য ভালো লাগলে তুলে ফেলতাম। তারপর ফেসবুকে আপলোড এবং কয়েকজনের লাইক, অল্প কয়েকজনের কমেন্ট পেয়ে মন ভালো করতাম। আমি ছবি খুব একটা খারাপ তুলি না। কিন্তু আজকাল ছবিও তুলতে মন চায় না। ব্যাগে ক্যামেরা থাকে, অথচ সুন্দর একটা মুহূর্ত খেয়ালে হারিয়ে যায় চোখের সামনে দিয়ে। আমি হলের যে রুমে থাকি তার পাশে একটা বিশাল গাছ আছে। আমার রুমের বারান্দা থেকে অনেক সুন্দর একটা ছবি আসবে গাছটার, কিন্তু আজ প্রায় বছরখানেক হয়ে গেলো ছবিটা তোলাই হল না।
লিখাটা শুরুর আগে একটা চিন্তা মাথায় ছিল। দেখি কতক্ষণ লিখাটা চালাতে পারি। কিন্তু একটু আগে একটা ফোন পেলাম। বাইরে যেতে হবে। না গিয়ে উপায় নেই। তাই এখানেই লিখার ইস্তফা দিতে হচ্ছে। আজকের হরতালের কারণে হলের পাশ দিয়ে একটু পর পর পুলিশের গাড়ী আসছে আর যাচ্ছে। কাল নোটিশ বোর্ডে দেখলাম আমাদের হলে নাকি পুলিশের রেইড হবে। অছাত্র যারা তাদের হল থেকে বের করে দিবে। অনাবাসিক ছাত্রদেরও বের করে দেওয়া হবে। আমার অবশ্য এইসব ব্যাপারে কোন ভয় নেই। আমি ছাত্র এবং আবাসিক ছাত্র। পুলিশ আমার কাছে আসলে বলবো, "হাই, আঙ্কেল, হাউ আর ইউ, টেক অ্যা ভিউ (অ্যাট মাই কার্ড)
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




