কমিউনিকেশন বা যোগাযোগ তো আমরা সব সময় করে যাচ্ছি। প্রতিদিন প্রতিক্ষণই কত মানুষের সাথে ঘরে, অফিসে, বাজারে, রাস্তায়, গাড়িতে, ক্লাসে, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করেই যাচ্ছি। এ নিয়ে আর জানারই বা কী আছে!
আচ্ছা দেখুন তো, রান্না তো সবাই করে। প্রতিদিনই খেতে হয়। সবার রান্না কি সুস্বাদু? রান্নার কি শেখার কিছু আছে? তারপরও মানুষ কেনো রেসিপি শিখতে যায়?
যোগাযোগের রেসিপি কি আছে? মায়ের গর্ভ থেকে সেই যে যোগাযোগ শুরু হয়েছে আজ পর্যন্ত কি থেমেছে? আমরা সবাই যোগাযোগ করছি। তাহলে শেখার কী আর আছে!
এই দেখুন না, বাংলাদেশের মানুষ প্রতিদিন প্রায় শত কোটি টাকা খরচ করছে মোবাইলে কথা বলে, ভয়েস মেসেজ পাঠিয়ে, টেক্সট মেসেজ পাঠিয়ে – কেন করছে? জীবনের জন্য যোগাযোগ করছে, খবরাখবর নিচ্ছে, দিচ্ছে, অনুভূতির শেয়ার করছে।
তাহলে যোগাযোগের মুন্সিয়ানা কোথায়? কেউ কথা বলে জিনিস বিক্রয় করতে পারছে, কেউ পারছে না। একজন কেন পারে, আরেকজন কেন পারে না?
সব শিক্ষকের পড়া কি আমরা মনোযোগ দিয়ে শুনি? যেভাবে বললে, পড়ালে ছাত্রছাত্রীরা বুঝে সেভাবেই কি সব শিক্ষকরা পড়াতে পারেন? সব শিক্ষকরাই কি ছাত্রছাত্রীদের সাথে সংযোগটা তৈরি করতে পারেন? সব বক্তাদের কথা কি আমরা শুনি? কারো কথা শুনি, কারো কথা শুনি না। পার্থক্যটা কথায়?
পার্থক্যটা দক্ষতায়। যোগাযোগ কীভাবে করতে হয়, কেন করতে হয়, কখন কী বলতে হয়, তথ্য কীভাবে পুরোপুরি দিতে হয়, কীভাবে ও কেন সঠিক তথ্য দিতে হয়, কতটুকু বলতে হয়, যোগাযোগ করার সময় সৌজন্যতা বা শ্রদ্ধাবোধের কেন দরকার, অপর মানুষ কতটা বুঝতে পারবে তা বুঝে কথা কীভাবে বলতে হয়, অপর মানুষের মনের পরিবেশ বুঝে কীভাবে যোগাযোগ করতে হয়, কীভাবে তথ্য প্রদানের সময় স্বচ্ছতার সাথে দিতে হয় – সেগুলো একটু ভালোভাবে রপ্ত থাকা চাই।
মানুষের সাথে সম্পর্কের সেতুই তো এই যোগাযোগ। যোগাযোগ যতো সুন্দর, জীবন ততো সুন্দর। যোগাযোগ দক্ষতাই সম্পর্ক ভেঙে দিতে পারে আবার সম্পর্ককে মধুর করতে পারে। আর মানুষে মানুষে সম্পর্কের উপরই নির্ভর করে জীবনের প্রাপ্তিগুলো। আমাদের সব কিছুই অন্য মানুষের উপর নির্ভরশীল। অন্য মানুষই আমাদের ব্যবসা দেয়, জিনিস কিনে, চাকুরি দেয় – যা কিছু দেয়, অন্য মানুষরাই দেয়। অন্যদের কাছে আমরা জ্ঞান বিক্রি করে, দ্রব্য বিক্রি করি, দক্ষতা বিক্রি করি – আমাদের আয়, সুখবোধ অন্য মানুষদের উপরই নির্ভর করে। মানুষের সাথে আপনার সম্পর্ক যতো ভালো, আপনার জীবন ততো স্বাচ্ছন্দ্যময়।
[email protected]
আমার প্রকাশিতব্য বই, ‘জীবনের জন্য যোগাযোগ’ বই থেকে নেয়া।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



