মাতৃভাষা হচ্ছে একটা শিশুর মেধা বিকাশের প্রধান মাধ্যম। একজন শিশু যখন নিজ ভাষায় কথা বলে, নিজ ভাষায় লেখা পড়া করতে পারে তখন তার অনেক কিছু আয়ত্ত করার ক্ষমতা সৃষ্টি হয়। কিন্তু যখন সে নিজ ভাষায় পড়তে পারে না তখন সে আয়ত্ত করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং পড়াশুনা মন বসাতে না পেরে অপরিপক্ক অবস্থায় ঝড়ে পড়ে। পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের অপরাপর অঞ্চলে বসবাসরত সংখ্যালঘু জাতিসমূহের ছেলে মেয়েদের বেলায় এটা খুবই সত্য। কারণ এসব ছেলে মেয়েদের শিক্ষার প্রথম দিন থেকে মাতৃভাষাকে ত্যাগ করে বাংলা ভাষা দিয়েই পড়াশুনা শুরু করতে হয়। ফলে তারা মানসিক বিকাশে যথেষ্ট বাঁধাগ্রস্ত হয়। এমন একটি উদাহরণ হচ্ছে- খুমি-ই আমনাই রাইতা (খুমি জীবন) নামে একটি প্রামাণ্য চিত্র। এতে দেখা যায় শিক্ষক যখন বাংলা ভাষায় পড়াচ্ছিল তখন একজন খুমি শিশু স্কুলের বেঞ্চে দিব্যি ঘুমিয়ে পড়েছে। কারণ সে কোন কিছুই বুঝে উঠতে পারছিল না।
একুশে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী মাতৃভাষার দাবিতে সংগ্রাম করতে গিয়ে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হন সালাম, রফিক, জব্বারসহ আরো অনেকে। মাতৃভাষার দাবিতে এই যে আত্মত্যাগ তারই ধারাবাহিক বিকাশের পরিণতিতে বাংলাদেশ নামক রাষ্ট্রের আবির্ভাব ঘটে। পাকিস্তানের শাসকগোষ্ঠির শোষণ-বঞ্চনা আর নিপীড়নের নাগপাশ ছিন্ন করে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। যে চেতনা ও প্রেরণায় আন্দোলনের সূত্রপাত ঘটেছিলো সেই ভাষা আন্দোলনের অর্ধশতাব্দী অতিক্রান্ত হয়ে গেছে। পাকিস্তানি শাসকগোষ্ঠি যে বাংলা ভাষাকে স্বীকৃতি দেয়নি, আরবি-উর্দুর সংমিশ্রণে এক জগাখিচুড়ি পাকাতে চেয়েছিলো সে ভাষা একটি স্বাধীন দেশের রাষ্ট্র ভাষার মর্যাদা লাভ করেছে। ১৯৯৯ সালে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়েছে। যে দেশের আন্দোলন বিশ্বের বুকে আসন লাভ করে, সে দেশের অভ্যন্তরে আরো অন্যান্য ভাষার স্বীকৃতি মিলবে-এটা পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় বসবাসরত সংখ্যালঘু জাতিসমূহ প্রত্যাশা করেছিল। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সরকার সংখ্যালঘু জাতিসমূহের ভাষা বিকাশে আজও কোন উদ্যোগ গ্রহণ করেনি। ফলে এসব জাতিসমূহের ভাষা আজ বিলুপ্তির পথে রয়েছে।
যতদিন পর্যন্ত এদেশের সংখ্যালঘু জাতির ভাষাসমূহ স্বীকৃতি পাবে না এবং এসব ভাষা বিকাশে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করা হবে না ততদিন পর্যন্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনও সার্থক হবে না।
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





