শাফিক আফতাব
নরম আঁধার গলে গলে ধীরে ক্রমশ ঝরে শীতের শিশির
তুমি এসে সন্তর্পণে নিবিড় হও ফোটাবে বলে ফুল
দুজন ডিঙ্গাই বস্তুত কামনার প্রাচীর :
আমাদের সান্নিধ্যে প্রাণ পায় জড়ের পুতুল।
রাত্রির থামে জড়-জীব সব যেন নিরুদ্দেশ্যের যাত্রী
তুমি আমি শুধু প্রাণের প্রাচুর্যে ফোটাই আবহমান খই
নিবিড় পাঠ আর পাঠটিকা অধ্যয়ন, অধ্যাপক আর ছাত্রী :
মুখস্থে শেষ করে ফেলি ভারি কভারের একগাদা বই।
নিবিড় পাঠে পৃথিবীর ভীড়ে দিয়ে যাই বহমান চেতনা
তাই থেকে প্রতি বছর ভরে যায় ফসলের বীজতলা
প্রাণ থেকে প্রাণে ছড়িয়ে যায় আমাদের পাঠের দ্যোতনা :
আমরা শাশ্বত সুন্দর, নই ছলাকলা।
আঁধারের শরীর ছুঁয়ে দিব্যি শপথে হই তুমি আমি এক ;
কলকল বয়ে যায়, নিরবধি বয়ে যায়, আহা ! নাটোরের লেক।
৩০.০১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



