শাফিক আফতাব-------
তুহিন ভাই, মফস্বলের সাহিত্য প্রবাহ মাসিক ম্যাগাজিনের সম্পাদক ছিলেন আপনি ;
আপনার পত্রিকাতেই আমার প্রথম কবিতা প্রকাশিত হয় ;
সেই সূত্রে যেতাম আপনার বাবার কৃষিকলোনীর সরকারী কোয়াটারে,
আপনার সদ্য উঠেছেন ;
আর আপনারাই সদ্য চুনকাম করা ফ্ল্যাটের প্রথম অতিথি,
ভেতরে টুকতেই কেমন যেন ইট-চুন-পাথরের গন্ধ নাকে লাগলো,
পুবের দিকে চোখ ফেরাতেই দেখি উত্তরবঙ্গের বৃহৎ কৃষি কলেজের বিশাল ক্যাম্পাস,
গবাদী পশুরা দুর্দান্ত, স্বাধীন প্রতাপে লকলকে ঘাস গিলছে,
বিবিধ ধানগাছের খামার, ফুল, লতা আর নতুন চাকুরের বধুঁর নতুন শাড়ীর পত পত শব্দ,
ইত্যবসরে গার্লস স্কুলে পড়া আপনার ছোটবোন ;
আকাশী রঙ কামিজের সাথে সাদা বেল্ড, আর সাদা কেটস পড়ে স্কুল যাবার প্রস্তুতি ;
সকাল দশটার সাদা রোদ, আর দুপুরের লাঞ্চের জন্য বলকানো মসুর ডালের ঘ্রাণ।
সবমিলে কী এক মোহন মনে হলো আপনাদের সরকারি কোয়াটার সেদিন।
আপনার ছোটবোনটি ছোট্ট একটি সালাম ঠুকলো, সেই সালামের ভেতর ভর্তি ছিলো শ্রদ্ধা
আর শ্রদ্ধার ভেতর দুরবীন চোখে দেখতে পেয়েছিলাম
কিশোরীর গহন মনের ভালোবাসা...........দুফোটা শিশির,
তুহিন ভাই, আপনার পত্রিকা লুপ্ত হয়েছে,
আপনিও লেখেন না আর, শুনেছি সংসারী হয়েছেন, ব্যবসা করেন,
আমারও যাওয়া আসা কমে গিয়েছিলো সরকারি কোয়াটারে,
এক সময় নাম কামাতে আসি মেগাসিটিতে, তারপর কতকাল যোগাযোগ নেই
আজও যখন সেই কৃষিকলোনীতে যাই, বাতাসে ভেসে বলকানো মসুর ডালের ঘ্রাণ,
আকাশ রঙ স্কুল পড়া বালিকার সাদা বেল্ড, ওড়না, আর ওড়নার ভেতর দুলুনির স্পন্দন।
সদ্য বিবাহিত বধুঁর রাতের ব্যবহার্য ধৌত বস্ত্রের পত পত শব্দ।
নিসর্গ : ঢাকা
২১.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


