শাফিক আফতাব----------------
ফিরে যাবো আবার আমার স্বর্ণগ্রামে
মৃত্তিকার গভীর থেকে সোনা তুলবো ঘামে প্রেমে শ্রমে
আবার মালকোচা মেরে বর্ষার জলে কিংবা গ্রীষ্মের খররৌদ্রে
কাদাজলে কিংবা ধুলোরকুয়াসায় ভিজে
বড় স্নেহে ফলবতী করে তুলবো বিস্তৃর্ণ ক্ষেত।
যদি আমার থাকে দুটো দুধেল গাই কিংবা দুটো বলিষ্ট বলদ
যদি থাকে দুবিঘা জমি
একজোড়া লাঙলজোয়াল, বঁধুর স্নানের জন্য একটি স্বচ্ছ পুকুর।
তবে থাকবে অভাব বলে কিছু আমার
তবে কেনো আমি কলমের খোঁচাকে দস্যুর খোঁচার মতোন ভয় পাবো
কেনো হাতজোড় করে কুর্নিশ করবো বৃটিশী কায়দায়
চাকরি খাবার ভয় দেখাবে কেনো মেদুল মনিব
কিংবা শিয়ালের রং মাখা চুলদাড়ির অনভিজ্ঞ আল্লাহর নেক বান্দা কেনো
নাপাক হাত দিয়ে তর্জনী নিদের্শ করবে।
কিংবা রঙিন টাইয়ের জিহ্বা কেনো সর্পের মতোন ভয় দেখাবে আমাকে।
শোনো হে কলম,
হে আধুনিক শিক্ষার কলম, নির্বাহী কলম,
এত কচকচানি কেনো তোমার,
তুমি কি জানোনা,আমার লাঙলের ফলায় তুমি অতি নগণ্য,
তুমি কি জানোনা লাঙলের ফলার রসে তুমি কালি পাও, পেটপুরে খাও,
তারপর পেট পুরে শুধু লিখতে থাকো অবৈধ নির্দেশ।
কলম, আমি বাড়ি চলে গেলাম,
এখন সাদা খাতায় লিখে লিখে যাও, ফাও খেয়ে তোমার কর্তা মুর্ছা যাক
আর মসলা বেচার ঠোঙা হোক, তোমার লিখিত আদেশ নির্দেশের গুচ্ছসকল
বিদ্বানের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র
তাই বলে এত গর্ব তোমার,
তুমি কি পবিত্র থাকো, বলো, শুয়োরের মতো কত কচুঘেচু খাও তুমি
ঘুষ খেয়ে লেখো কত অবৈধকে বৈধ করো, কালোকে সাদা করো ।
কলম, তোমাকে বিদায়
আমি এখন হাল চাষ করবো।...............
২৪.০৬.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



