আমি এক আশ্চর্য শহরের দিকে যেতে থাকি
শাফিক আফতাব................
আমার আর এক ফোটা দুঃখ নেই__
আমি মৃত্যুর মতোন জীবনের অনিবার্য পরাজযকে মেনে নিয়েছি।
যে স্বপ্নগুলো আমাকে নিত্য নাচাতে উচ্ছল ফড়িং-এর নৃত্যে
যে আশাগুলো আমাকে একটি আলোকিত দিনের কথা বলতো
যে প্রেম আমাকে সুন্দরের কথা বলতো
যে ভালোবাসা আমাকে একটি শান্তির নিলয় দিতে চেয়েছিলো
তারা কেউ কথা রাখেনি।
তারা কেউ স্বার্থের কাছে
কেউ বিলাসের কাছে__কেউ ক্ষমতার কাছে মাথা নুয়েছে।
আমি অনিকেত অনুভবে নির্জনে বসে থাকি এক আবহমান নৌকোয়
নিজের সবটুকু ভার সময়ের হাতে সঁপে দিয়ে দারুণ হালকা হই__
আমার দুঃখগুলো ঝাঁক ঝাঁক বলাকা হয়ে মেঘের দেশে উড়ে যায়
আমি এক আশ্চর্য শহরের দিকে যেতে থাকি...........
০৯.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


