দিন যায়
শাফিক আফতাব............
দিন যায়__হরতালে, ধকলে,__বিকল স্বপ্নের নোনাজলে
বেঁচে থাকি তবু, দুটো নুনভাত মুখে দিতে হয়।
একটু একটু হলেও ভালোবেসে যেতে হয়__কাছে যেতে হয়,
সুরম্যপ্রাসাদ না হোক__ঘুপসিতে, কিংবা নোঙরা বস্তির আস্তানায় মাথা গুজেঁ দিতে হয়।
মাথা গুঁজি, নুনভাত খাই__ভালোবাসি, দশটি মাসের পর নবজাতক ঠিকই আছে__
দিন যায়, তবু শান্তি আসেনা,
পুলক ভরে হাসি আসেনা,__ক্রমাগত ক্ষয়ে ক্ষয়ে যাই__সয়ে সয়ে যাই।
চারপাশে অস্থিরতা, ভাংচুর, ককটেল, বোমা, বুলেট আর বিকল ট্রেন
চারপাশে উৎকণ্ঠা, নৌকোর বৈঠা আর ধানের শীষ, শানিত লাঙল __
চারপাশে উত্তেজনা, সংলাপ__আর কিছু প্রাণের চিৎকার।
দিন যায়__আমাদের যাপিত জীবন ইথারে ইথারে ভাসে
আমাদের ইতিহাস মলাটবন্দি হয়, আমাদের চেতনা সংগ্রামের এক একটি বুলেট হয়
আমরা ক্ষুদিরাম হই, তিতুমীর হই, আমরা চেগুয়েভারা হই, আমরা বঙ্গবন্ধু হই
আমরা পূর্বপুরুষের পথ মারিয়ে আবার রাজপথে আসি
আমরা দিন বদলের কথা বলি__তবু আমাদের দিন অমনি থাকে, উৎকণ্ঠা ভয়
আর অহেতুক উত্তেজনায় হৃদস্পন্দন বাড়ে
আমাদের দিন যায়__নতুন বোতলে আবার সেই পুরোনো মদ, সেই রঙিন শিশিতে
আগের মতন ঢকঢক চুমক, আমরা আগের সেই পুরোনো চাঁদের জ্যোস্নায় জীর্ণজঙ্গলে রাত কাটাই...
তারা উল্লাস করে, সোল্লাসে মাতে.....
১০.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


