তোমার কথাই সত্যি হলো, বলেছিলে, ''গজব পড়বে
বৃষ্টিহীন এদেশ উষর হবে, নদী আর নারীরা বন্ধ্যা হবে
ভালোবাসার অভাবে এদেশের মানুষ ভুলে যাবে মানবতা
প্রেমহীন জীবন তোমার বেদনার চিৎকারে অশ্রু ঝরাবে''।
মুখে তোমার ফুলচন্দন পড়ুক
তোমার কথার প্রতিটি শব্দ বর্ণ অবিকল ফলে গ্যাছে
ভালোবাসার অভাবে এদেশের মানুষ এখন পশুদের শামিল
প্রেমহীন জীবনে নেই আমাদের অথই আকাশের নীল।
তুমি বলেছিলে, '' তোমার ভালোবাসা স্বর্গের গুদাম থেকে আনা
প্রথম চালান, ওতে ফরমালিন নেই, একদম টাটকা তরতাজা
তোমাকে ফিরিয়ে দিলে হতে হবে পথের ভিখেরি, রাজা থেকে প্রজা
তোমাকে পেলেই পাবো স্বর্গের স্বাদ, পুরোপুুরি, যোলো আনা।
ঘন অরণ্যের গভীরে সহজ অনায়াসে ফুটেছিলে ফুলবতী তুমি
পায়ে দলেছি, অবহেলায় ছুঁড়েছি, এখন বুঝি তুমি কতটুকু দামী।
১৪.০৬.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



